Home » নীলগিরিতে বাঘ মেরে গ্রেফতার পশুপালক

নীলগিরিতে বাঘ মেরে গ্রেফতার পশুপালক

সময় কলকাতা ডেস্ক,১২ সেপ্টেম্বর : বাঘ মানুষ মারে নি, মানুষ-ই বাঘ মারল।  নীলগিরিতে এমনটাই হয়েছে। তামিলনাড়ুর বন দফতর নীলগিরি জেলায় একটি বাঘকে বিষ প্রয়োগ করে হত্যা করার দায়ে এক কৃষককে গ্রেফতার করেছে।শেখর নামের ওই কৃষক গরু ও ছাগল পালন করেন। এককথায় শেখর পশুপালনকারী। বনদফতর গত ৯ সেপ্টেম্বর,শনিবার নীলগিরির একটি  বাঁধের কাছে তিন এবং আট বছর বয়সী দুটি বাঘের মৃতদেহ আবিষ্কার করে। প্রাথমিক ভাবে ময়নাতদন্তের ফল আসা পর্যন্ত বনদফতর অপেক্ষা করেছে। অতঃপর তদন্তের জাল গুটিয়ে এনে শেখরকে গ্রেফতার করে তারা।

ময়নাতদন্তের রিপোর্ট পেতেই বন দফতরের তদন্ত অন্যদিকে মোড় নেয়। মৃত বাঘের ময়নাতদন্তের রিপোর্ট  পেয়ে তারা রীতিমত অবাক হয় ।দেখা গিয়েছে,একটি বাঘ কীটনাশক বিষের কারণে মারা গিয়েছে এবং দ্বিতীয়টি অন্য বাঘের সাথে লড়াইয়ের কারণে মারা গেছে।মৃত বাঘের পাশাপাশি একটি গরুর মৃতদেহ আবিষ্কার করার পর বন দফতরের আধিকারিকদের নজর গো-পালক শেখরের ওপরে পড়ে।

ময়নাতদন্তের ফল হাতে পাওয়ার পরেই, নীলগিরিতে বন দফতর বাঘের মৃত্যুর তদন্তের জন্য ২০ জন বনকর্মীর একটি দল গঠন করে এবং গরুর মালিককে জিজ্ঞাসাবাদ করে। তদন্তে দেখা যায়,বাঘের হাতে গরুর মৃত্যুর পরে শেখর গরুর মৃতদেহকে টোপ হিসেবে ব্যবহার করে। শেখর গরুর মৃতদেহে বিষ প্রয়োগ করার কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। তাকে গ্রেফতার করার পরে আদালতে তোলা হয়, ব্যাঘ্র নিধনকারী শেখরকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় ।।

আরও পড়ুন : ধর্ষণের মামলা দায়ের হতেই লিভ-ইন পার্টনারকে খুন

About Post Author