সময় কলকাতা ডেস্ক,১৪ সেপ্টেম্বর : টিকা নেওয়ার পরে তিনমাসের শিশুর মৃত্যু। তামিলনাড়ুর কুড্ডালোরের ঘটনা স্বাস্থ্যক্ষেত্রে তুলেছে রীতিমত এক বড় প্রশ্নচিহ্ন। যদিও তামিলনাড়ুর স্বাস্থ্য দফতরের মতে, টিকা নেওয়ার পরে শিশুটির মৃত্যু হলেও টিকার কারণে মৃত্যু হয় নি তার। অন্য কী কারণে মৃত্যু হতে পারে তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর। যদিও শোকসন্তপ্ত পরিবার মনে করছে, টিকা নেওয়ার আগে সম্পূর্ণ সুস্থ ছিল শিশুটি।তারা ইতিমধ্যেই এ বিষয়ে অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শুরু করায় বিষয়টি রীতিমত অন্যমাত্রা পেয়েছে।প্রসঙ্গত, শিশুটিকে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ও রোটাভাইরাস ভ্যাকসিন দেওয়া হয়েছিল।উল্লেখ্য,মঙ্গলবার রাতে কুড্ডালোরের কাছে টিকা নেওয়ার পরে তিন মাস বয়সী শিশুটি মারা যায়।
থোকানামপাক্কাম পুলিশ জানিয়েছে, এন কৃষারাজ (৩১), পালায়মের একজন কৃষক এবং তার স্ত্রী কে.গান্ধী তিন মাস আগে কে দশবিদরাজ নামে একটি পুত্রসন্তানের জন্ম দেন।জন্মের পর থেকেই গান্ধী আজগিয়ানাথমে তার বাবার বাড়িতে থেকে গিয়েছিলেন।মঙ্গলবার বিকেলে তিনি শিশুটিকে টিকা দেওয়ার জন্য কালাইউর পিএইচসিতে নিয়ে যান।রাতে, শিশুটি অস্বস্তি ও টিকার জায়গায় ফোলা অনুভব করে এবং ক্রমাগত কাঁদতে থাকে, বাবা-মা শিশুটিকে কুড্ডালোরের সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু খুব দ্রুত অবস্থার চরম অবনতি হয় ও হাসপাতালে পৌঁছালে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ।কৃষ্ণরাজের অভিযোগের ভিত্তিতে, টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে, পুলিশ একটি মামলা করেছে এবং আরও তদন্ত চলছে।
উল্লেখ্য, রোটাভাইরাস ভ্যাকসিন শিশুদের জ্বর, বমি ও প্রবল মাত্রার ডায়রিয়ার হাত থেকে রক্ষা করে।অন্যদিকে, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ডিপথেরিয়া, টিটেনাস,হেপাটাইটিস বি, এইচআইবি , শ্বাসজনিত সংক্রমণের হাত থেকে শিশুদের রক্ষা করে। এই ভ্যাকসিন নেওয়ার কিছু পরে তিনমাসের দশবিদরাজ মৃত্যুর মুখে ঢলে পড়ে। এখন প্রশ্ন কী কারণে মৃত্যু হল তার
এদিকে, কুড্ডালোরের স্বাস্থ্য পরিষেবার ডেপুটি ডিরেক্টর ডাঃ আর মীরার নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের একটি দল শিশুটিকে দেওয়া ওষুধগুলি পরিদর্শন করেছে। ডাঃ আর মীরা বলেছেন, শিশুটিকে হাসপাতালে আনার আগে বাবা-মা গ্রাইপ ওয়াটার দিয়েছিলেন এবং পেটের অংশে প্রলেপ দেওয়া হয়েছিল।তিনি আরও বলেছেন যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয় এবং রোটাভাইরাস ভ্যাকসিন মৌখিকভাবে দেওয়া হয়।
অনুসন্ধানকারী চিকিৎসক দলের প্রধান বলেন,“একই ওষুধ অন্য পাঁচটি শিশুকে দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কেউই কোনও প্রতিকূল প্রভাবের কথা জানায়নি।অতএব, টিকা এখানে মৃত্যুর কারণ নয়।
আমরা সঠিক কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি।”
ঘটনার তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে, এখনও পর্যন্ত শিশুর মৃত্যুর সাথে টিকা দেওয়ার কোনও নিশ্চিত প্রমাণ নেই।তারা বলেন, ময়নাতদন্তের পরই আমরা শিশুমৃত্যুর সঠিক কারণ জানতে পারব।।


More Stories
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
যুবকের নতুন জীবন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের হাত ধরে
রাতারাতি আট চিকিৎসক বদলি, চিকিৎসা সংকটে ধুপগুড়িবাসী