সময় কলকাতা ডেস্ক, ১৫ সেপ্টেম্বরঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। তদন্ত যতই এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। এমনকী র্যাগিং-এর অভিযোগও উঠেছে। কার্যত সেকারণেই এবার যাদবপুরে নয়া অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করা হল। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এই কমিটিতে উপাচার্য, সহ-উপাচার্য থেকে শুরু করে আরও অনেকে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন অ্যান্টি র্যাগিং কমিটিতে মোট ৩৩ জন সদস্য থাকছেন। সেইসঙ্গে বিজ্ঞপ্তিতে উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্টস-সহ প্রত্যেক সদস্যের ই-মেইল আইডি ও ফোন নম্বর দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের নতুন অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নম্বর, ইউজিসির হেল্পলাইন নম্বর ও অনলাইনে অভিযোগ জানানোর জন্য প্রয়োজনীয় ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় গত মাসেই অ্যান্টি র্যা গিং কমিটির সুপারিশ কার্যকর করার আবেদন জানিয়েছিলেন আইনজীবী সায়ন বন্দোপাধ্যায়। আইনজীবীর সেই আবেদনেই কার্যত সায় দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। র্যাগিংয়ের বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জমও পড়েছিল কলকাতা হাইকোর্টে। সূত্রের খবর, র্যাগিংয়ের বিরোধিতায় সুপ্রিমকোর্টের নির্দেশে আর.কে রাঘবন কমিটি যে গাইডলাইন তৈরি করেছে, তা প্রয়োগের আবেদন জানানো হয়েছিল। এক্ষেত্রে প্রাক্তন কোনও বিচারপতির নেতৃত্বে কমিটি তৈরি করে গাইডলাইন কার্যকরের কথাও জানানো হয়েছে। মামলাকারীর মতে, অ্যান্টি র্যাগিং কমিটির সুপারিশ হলে কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে র্যা গিংয়ের দাপট কমবে।
আরও পড়ুন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা
প্রসঙ্গত, ছাত্রমৃত্যুর ঘটনা থেকে শিক্ষা পেয়ে গত সপ্তাহেই যাদবপুরে র্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়তে বিশ্ববিদ্যালয়ে সব ‘স্টেক হোল্ডার’দের সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য বুদ্ধদেব সাউ। সেই বৈঠকের পরেই মিডিয়ার ভূমিকা নিয়েই পাল্টা প্রশ্ন তোলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য। বৈঠকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে র্যাগিং রুখতে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা অল স্টেক হোল্ডার বৈঠকে নিতে হবে। এমনকী বিশ্ববিদ্যালয়ের কোথায় কোথায় সিসিটিভি বসবে সেটাও ছাত্র সংগঠনকে জানাতে হবে। ইতিমধ্যেই যাদবপুর ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানোর খরচ বাবদ প্রায় ৩৮ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্যের শিক্ষা দপ্তর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এতদিন গোটা বিষয়টি অর্থ দপ্তরের বিচারাধীন ছিল। শেষমেশ সব জল্পনার অবসান ঘটিয়ে অর্থ দপ্তর সবুজ সংকেত দেওয়ায় এই অর্থ বরাদ্দে কোনও বাধা রইল না।


More Stories
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব