Home » ছুটির দিনে আড্ডার আসরে বানিয়ে ফেলুন ক্রিস্পি ফিশ ব্রেড রোল

ছুটির দিনে আড্ডার আসরে বানিয়ে ফেলুন ক্রিস্পি ফিশ ব্রেড রোল

সময় কলকাতা ডেস্ক, ১৭ সেপ্টেম্বরঃ কাতলা মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। কালিয়া হোক কিংবা পাতুরি হোক বা ঝোল— নানা ভাবেই কাতলা মাছ জয় করেছে বাঙালির মন। বাজারে সবসময়ই ভালো কাতলা পাওয়া যায়। তার স্বাদ চেটেপুটে নিতে ফিশ ব্রেড রোল-এর কিন্তু জুড়ি মেলা ভার। সন্ধ্যার টিফিনে মুখরোচক কিছু না হলে আড্ডা যেন জমতেই চায় না। তাই রেস্টুরেন্টে আর না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ক্রিস্পি ফিশ ব্রেড রোল। খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ক্রিস্পি ফিশ ব্রেড রোল। ক্রিস্পি ফিশ ব্রেড রোল বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ
৩ পিস কাতলা মাছের পেটি
৪ টি পেঁয়াজ
২ চা চামচ আদা রসুন বাটা
৪ পিস পাউরুটি
স্বাদ অনুযায়ী লবন
১/২ চা চামচ হলুদ
১/২ চা চামচ গরম মশলা
১ কাপ ব্রেড ক্রাম্ব
২ টেবিল চামচ ময়দা
২ টেবিলচামচ কর্নফ্লাওয়ার
১/২ চা চামচ মরিচ গুঁড়ো

আরও পড়ুন   প্রধানমন্ত্রী আবাস যোজনায় ‘অসহযোগিতা’র অভিযোগ, কেন্দ্রের কাছে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের

রন্ধন পদ্ধতি
প্রথমেই মাছ গরম জলে ভাপিয়ে নিয়ে কাটা বের করে চেটকে নিন। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ দিয়ে গোলাপী করে ভেজে রাখুন। এরপর কড়াইতে আদা-রসুন বাটা, লবণ ও হলুদ দিয়ে হালকা করে কষিয়ে নিন। মিনিট পাঁচেক পর মাছ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তাতে গরম মশলা দিয়ে নামিয়ে নিন। এরপরে মাছের কিমা ঠান্ডা করে একটু ব্লেন্ডারে দিয়ে পেষ্ট করে নিন। এবার পাউরুটি চারপাশ কেটে পাউরুটি একটু ভিজিয়ে তার ভিতর কিমা দিয়ে পাউরুটি পুরে রোল করে নিতে হবে। এবার একটা বাটিতে ময়দা, কর্ণফ্লাওয়ার, লবণ, মরিচ গুঁড়ো, জল দিয়ে মিশ্রন বানিয়ে নিন। পাউরুটির রোলগুলো ময়দাতে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। সোনালি রং হয়ে এলে কড়াই থেকে তুলে নিন। মেয়োনিজ় কিংবা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন ক্রিস্পি ফিশ ব্রেড রোল।

About Post Author