Home » মণিপুরে ২ মহিলাকে নিগ্রহের ঘটনায় কলকাতার রাজপথে ধর্নায় তৃণমূল মহিলা কংগ্রেস

মণিপুরে ২ মহিলাকে নিগ্রহের ঘটনায় কলকাতার রাজপথে ধর্নায় তৃণমূল মহিলা কংগ্রেস

সময় কলকাতা ডেস্ক, ২৩ সেপ্টেম্বরঃ   প্রায় সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। মণিপুরে অশান্তির ঘটনায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। উত্তপ্ত মণিপুরে ২ মহিলাকে নিগ্রহের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই ঘটনার পরেই তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ন্যাক্কারজনক এই ঘটনায় সিটও গঠন করে তদন্ত শুরু করে সিবিআই। মণিপুরে নারী নির্যাতনের ভয়াবহ ঘটনার পরই রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকার কী করেছে, সেই প্রশ্ন তুলে এবার কলকাতার রাজপথে ধর্নায় নামল তৃণমূল মহিলা কংগ্রেস। হিংসায় জর্জরিত মণিপুরের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ও নারী নির্যাতনের প্রতিবাদে শুক্রবার দুপুর ৩ টে থেকে ধর্নায় বসবে শাসক দলের মহিলা সংগঠন। রাজ্যের সব পুরসভার সামনে সংগঠনের কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেবেন বলেই দলের তরফে জানানো হয়েছে। সেই সঙ্গেই আগামী ৫ থেকে ১০ অক্টোবর জ্বালানি ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদেও কর্মসূচি নিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস।

আরও পড়ুন        ছাত্রমৃত্যুর জের, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু সিসিটিভি বসানোর কাজ

জানা গিয়েছে, ওই ৭ দিন রাজ্যের গ্যাস সরবরাহকারীদের কার্যালয়ে গিয়ে কেন্দ্রীয় সরকারের ‘উজালা প্রকল্প’ সম্পর্কে খোঁজ নেবেন সংগঠনের সদস্যেরা। প্রসঙ্গত, উত্তপ্ত মণিপুরে ২ মহিলাকে নিগ্রহের ঘটনায় লজ্জাজনক ২৬ সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। ভিডিয়োটি ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হচ্ছে। তাদের ঘিরে ভিড় করে রয়েছে বেশ কিছু পুরুষ। অভিযুক্তদের মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এমনকী এই ঘটনার পরেই তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

গত ৪ মে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলাতে এই ঘটনাটি ঘটেছে। যদিও এই ঘটনার পরই সংরক্ষণ ইস্যুতে কুকিদের সঙ্গে মেইতেইদের সংঘাত শুরু হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে ১২টি তদন্তকারী দল গঠন করা হয়েছে। যদিও মণিপুরের একটি আদিবাসী সংগঠনের দাবি, মহিলাদের বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় ধরপাকড় শুরু হলেও দু’মাস আগে মূল ঘটনাটি ঘটে। ওই দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর পাশাপাশি তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলেও দাবি ওই আদিবাসী সংগঠনের। অভিযোগ, এই ঘটনায় অনেক আগেই থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু এত দিন পুলিশ নিষ্ক্রিয় ছিল। ২৬ সেকেন্ডের ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই দেশ জুড়ে শুরু হয় তোলপাড়।

About Post Author