Home » এশিয়াডে ঘোড়সওয়ারিতে সোনা ভারতের, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

এশিয়াডে ঘোড়সওয়ারিতে সোনা ভারতের, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে পদকের ধারা অব্যাহত ভারতের। তৃতীয় দিনে তৃতীয় সোনা জয় ভারতীয় ক্রীড়াবিদদের। শ্যুটিং, ক্রিকেটের পর ঘোড়সওয়ারিতে সোনা জিতল ভারত। প্রায় চার দশকেরও বেশি সময় পর এশিয়াডে এই খেলায় সোনা জিতল ভারত। ভারতীয়দের হয়ে এই কীর্তি গড়েছেন অশ্বারোহী সুদীপ্তি হাজেলা, দিব্যকীর্তি সিং, আনুশ আগরওয়াল ও হৃদয় চেদা। এই চারজনের দুরন্ত পারফরম্যান্সে ভর করে দলগত ইভেন্টে সোনা জিতল ভারত।

ইকুয়িস্টেরিয়ান ড্রেসেজ ইভেন্টে ভারতীয় অশ্বারোহীদের জয়জয়কার। চিন ও হংকংকে পিছনে ফেলে দলগত বিভাগে সোনা জিতল ভারত। ভারতের চার অশ্বারোহী সুদীপ্তি, দিব্যকীর্তি, আনুশ ও হৃদয় ড্রেসেজ ইভেন্টের ফাইনালে দুর্দান্ত পারফর্ম করেছেন। ফাইনালে ভারতের চার অশ্বারোহীর দল মোট ২০৯.২০৫ পয়েন্ট পেয়েছে। চারজনের মধ্যে সব থেকে ভালো খেলেছেন আনুশ। তিনি পেয়েছেন ৭১.০৮৮ পয়েন্ট, তারপর হৃদয় পেয়েছেন ৬৯.৯৪১ পয়েন্ট ও দিব্যকীর্তি পান ৬৮.১৭৬ পয়েন্ট। ভারতের থেকে পয়েন্টের বিচারে অনেকটা পিছনে শেষ করলে চিন। প্রায় ৪.৫ পয়েন্টের পার্থক্য নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন চিনের অশ্বারোহীরা। এই ইভেন্ট থেকে চিন পেয়েছে মোট ২০৪.৮৮২ পয়েন্ট। ২০৪.৮৫২ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে শেষ করে হংকং। চতুর্থ স্থান পেয়েছে চাইনিজ টাইপে ও পঞ্চম স্থানে রয়েছে সৌদি আরব।

ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্যে উচ্ছসিত ভারতীয় ক্রীড়ামহল। কৃতী ক্রীড়াবিদদের এক্স অ্যাপের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “এটা অত্যন্ত গর্বের বিষয়, যে কয়েক দশক পর, আমাদের অশ্বারোহী ড্রেসেজ দল এশিয়ান গেমসে সোনা জিতেছে! হৃদয় চেদা, আনুশ আগরওয়ালা, সুদীপ্তি হাজেলা এবং দিব্যকৃত সিং অতুলনীয় দক্ষতা, দলবদ্ধ কাজ প্রদর্শন করেছেন এবং আন্তর্জাতিক মঞ্চে আমাদের জাতির সম্মান এনেছেন। আমি এই ঐতিহাসিক অর্জনের জন্য দলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।”

আরও পড়ুন: এশিয়ান গেমসে এবার সিঙ্গাপুরকে ১৬ গোল ভারতের

সোনার পাশাপাশি এই খেলার ব্যক্তিগত ইভেন্টেও সাফল্য এসেছে ভারতের। একটি রৌপ এবং একটি তাম্র পদক জিতেছে ভারতের অশ্বারোহীরা। ভারতের হয়ে ব্যক্তিগত ইভেন্টে রৌপ পেয়েছেন ভারতের আনুশ আগরওয়াল। একই ইভেন্টে তাম্র পদক পেয়েছে সোনাজয়ী ভারতীয় দলের আর এক সদস্য হৃদয় চেদা। ইকুয়িস্টেরিয়ানের পাশাপাশি জল থেকেও দুটি পদক আসে ভারতের ঝুলিতে। সিলিংয়ে পদক দুটি পায় ভারত। সব মিলিয়ে এশিয়ান গেমসের তৃতীয় দিনেও চিনে তিরঙ্গা পতাকা ওড়ালেন ভারতীয় ক্রীড়াবিদরা।

About Post Author