Home » চিংড়ি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন চিকেন ভাপা

চিংড়ি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন চিকেন ভাপা

সময় কলকাতা ডেস্ক, ২৬ সেপ্টেম্বরঃ চিকেনের একই রকম ঝোল-ঝাল খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই চিকেন রান্নায় ভিন্ন স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন ভাপা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন চিকেন ভাপা। বিশেষ করে পোলাও, ফ্রায়েড রাইস, পরোটা বা নানের সঙ্গে একবার এই চিকেন ভাপা খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। চিকেন ভাপা বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। চিকেন ভাপা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
বোনলেস চিকেনঃ ৫০০ গ্রাম
কাঁচা লঙ্কা: ৫-৬টি
কাজু বাটা: ১ টেবিল চামচচ
লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ
রসুন বাটা: ১ চা চামচ
সর্ষের তেল: ২ টেবিল চামচ
পোস্ত বাটা: ৩ টেবিল চামচ
সর্ষে বাটা: ২ টেবিল চামচ
দই: ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি: ২০০ গ্রাম
নুন ও চিনি: স্বাদমতো

আরও পড়ুন    এশিয়াডে ভারতের সোনা জয়ের নায়ক বাংলার তিতাস, চুঁচুড়ার সাধু বাড়িতে উৎসবের মেজাজ

প্রণালী
প্রথমে পোস্ত, সর্ষে, কাজুবাদাম, কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার যে পাত্রে আপনি চিকেন ভাপা বানাবেন, সেই পাত্রে পেস্ট করা মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, সর্ষের তেল এবং স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণের মধ্যে মাংসের টুকরোগুলি দিয়ে ভাল করে মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন বাটা হালকা ভেজে নিয়ে মিশ্রণটি মাংসের সঙ্গে মিশিয়ে নিন। এবার যে পাত্রে ভাপা চিকেন বানাবেন, সেই পাত্রের মুখ বন্ধ করে প্রেসার কুকারে অল্প জল দিয়ে পাত্রটি বসিয়ে দিন। দু থেকে তিনটে সিটি এলেই তৈরি আপনার চিকেন ভাপা। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন লোভনীয় চিকেন ভাপা।

About Post Author