সময় কলকাতা ডেস্ক, ২৬ সেপ্টেম্বরঃ ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। জমিতে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূলের এক গোষ্ঠীর হাতে খুন অপর গোষ্ঠীর তৃণমূল কর্মী। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট পুসভার ১৬ নম্বর ওয়ার্ডের হরিশপুরে চৌড়া এলাকার ঘটনা। মৃতের নাম সিরাজুল মোল্লা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চৌড়া এলাকায়। ঘটনার সূত্রপাত চলতি মাসের ১৯ তারিখ। জানা গিয়েছে, সিরাজুলের জমি দখল করে সেখানে পার্টি অফিস তৈরির জন্য পতাকা লাগাতে যায় তৃণমূলের অপর গোষ্ঠী। সেই নিয়েই ঝামেলার সূত্রপাত।

এহেন পরিস্থিতিতে নিজের জমিতে পতাকা লাগাতে বাধা দেয় সিরাজুল। অভিযোগ, তৃণমূলের অপর গোষ্ঠী দলবল নিয়ে সিরাজুলকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে সিরাজুলকে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর মঙ্গলবার অর্থাৎ আজ সকালে মৃত্যু হয় তাঁর। গোটা ঘটনায় পরিবারের সদস্যরা অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আরও পড়ুন যাদবপুরে র্যাগিং রুখতে ফের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কড়া চিঠি ইউজিসি-র
এ প্রসঙ্গে মৃত যুবকের মা নুরুন্নাহার খাতুন ঢালী বলেন, ‘আমার নিজের জমি দখল করে তৃণমূলের এক গোষ্ঠী জোর করে পার্টি অফিস করার চেষ্টা করছিল। আমরাও তৃণমূল কর্মী। সেই জমিতে ঘর করব বলে সরকারি ঘর পেয়েছি। তাই আমার ছেলে প্রতিবাদ করলে তাকে বেধরক মারধর করে। অন্যদিকে মৃত সিরাজুলের স্ত্রী শাহনাজ বিবি বলেন, ‘আমাদের এক বছরের একটি সন্তান রয়েছে। সদ্য সরকারি ঘর পেয়েছি, আর করা হল না। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ইতিমধ্যেই মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। অন্যদিকে, এই ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক বলেই জানা গিয়েছে। এই ঘটনার নেপথ্যে শুধুমাত্র জমি দখলের চেষ্টা? নাকি অন্য কোনও কারণ রয়েছে। তা খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ।


More Stories
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
“দত্তপুকুরের শাহজাহান “গোপাল কাঞ্জিলালকে আদালতে তোলা হল