সময় কলকাতা ডেস্ক, ২৭ সেপ্টেম্বর: আনন্দ বদলে গেল বিষাদে। বিয়ের অনুষ্ঠান চলাকালীন আচমকাই বিয়েবাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হল কমপক্ষে ১০০ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই জানা গিয়েছে। আহত কমপক্ষে ১৫০ জন। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উত্তর ইরাকের নিনভেহ প্রদেশের হামদানিয়া এলাকায়। প্রশাসনের তরফে উদ্ধারকাজ ও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইরাকের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৩৩৫ কিলোমিটার দূরে অবস্থিত ওই বিয়েবাড়িতে স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ হঠাৎই আগুন লেগে যায়।

বিয়েবাড়িতে উপস্থিত সকলেই হই-হুল্লোড়, খাওয়াদাওয়ায় মেতে থাকায় প্রথমে আগুন লাগার বিষয়টি টের পাননি। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে থাকায় গোটা বিয়েবাড়িতেই আগুন লেগে যায়। নিজেদের প্রাণ রক্ষার জন্য অতিথিদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। কিন্তু ইভেন্ট হলের মেন দরজায় আগুন লেগে যাওয়ায় কেউ ওই হল থেকে বের হতে পারেননি।

আগুন লাগার খবর পেয়েই ওই ইভেন্ট হলে ছুটে আসেন দমকল কর্মীরা। ততক্ষণে আগুনে পুড়ে বর-কনে সহ শতাধিক মানুষের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ১৫০ জন। জখমদের অ্যাম্বুলেন্স করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে, ঘটনার যে দৃশ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে, তা দেখেই বোঝা যাচ্ছে, এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রাণ বাঁচাতে চিৎকার করছেন। অনুষ্ঠান বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন বোলপুরের প্রান্তিক স্টেশনে যশবন্তপুরগামী এক্সপ্রেস ট্রেনে আগুন

যদিও এদিন ঠিক কী কারণে এই আগুন লেগেছে,তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, অনুষ্ঠানে বাজি সহ একাধিক দাহ্য পদার্থ মজুত থাকায় গোটা বিয়েবাড়ির ভবনে নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। এদিকে, বিয়েবাড়িতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় টুইটে শোকপ্রকাশ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া আল সুদানি। ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানান তিনি। সেইসঙ্গে আগুনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশও দেন তিনি।


More Stories
“সকল চুক্তির জননী ” – ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
এবার সেনাবাহিনীর কনভয়ে হামলা! হামলা চালালো বালোচ বিদ্রোহীরা, ৯০ জন পাকসেনার মৃত্যু!