Home » সপ্তাহান্তে শহরের নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ১৩ জনের

সপ্তাহান্তে শহরের নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ১৩ জনের

সময় কলকাতা ডেস্ক, ২ অক্টোবর: ভয়াবহ অগ্নিকাণ্ড শহরের নামী নাইটক্লাবে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল কমপক্ষে ১৩ জনের। ঘটনাটি ঘটেছে স্পেনের দক্ষিণপূর্বের শহর মার্সিয়া শহরের একটি নাইটক্লাবে। রবিবার সকালের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মার্সিয়া শহরে। ঘটনায় দুঃখপ্রকাশ করার পাশাপাশি তিন দিনের জাতীয় শোকের কথা ঘোষণা করেছেন সেই রাজ্যের মেয়র। 

সপ্তাহান্তে ক্লান্তি দূর করতে ও আগামী সপ্তাহের জন্য নিজেকে উজ্জীবিত করতে নাইট ক্লাবে যান অনেকে। ইউরোপীয় দেশগুলিতে বিনোদনের অন্যতম প্রাণ কেন্দ্র শহর ও শহরতলীর নাইটক্লাব। শনিবার রাতে স্পেনের মার্সেই শহরের ফন্ডা মিলাগ্রোস নাইটক্লাবে বিনোদনে মেতেছিলেন অনেকে। আর সেসময়ে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনাটি। ওই অঞ্চলের একটি নাইটক্লাবে প্রথমে আগুন লাগে। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন একাধিক নাইটক্লাবে। জানা গিয়েছে, আগুন লাগায় আতঙ্ক তৈরি হয়। অনেকে নাইটক্লাব ছেড়ে বেরিয়ে যেতে সক্ষম হলেও অনেকে আটকা পড়ে যান। পরে ঘটনাস্থলে পৌঁছয় ১২টি দমকলের গাড়ি ও ৪০ জন উদ্ধারকারীর একটি দল। তাঁদের প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রবিবার রাত পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৩ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে দেহগুলি ঝলসে যাওয়ায় এখনও দেহগুলি সনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। বেশ কয়েকজন জীবনের সঙ্গে লড়াই করছেন হাসপাতালে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মার্সিয়ার মেয়র জোস বায়েস্টা। তিনদিনের জাতীয় শোক পালন করার কথাও ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুন: লস্কর-ই-তৈবার জঙ্গি নেতা মুফতি কায়সার ফারুককে করাচিতে হত্যা

প্রসঙ্গত, স্পেনের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই শহরের বাসিন্দা বিখ্যাত টেনিস খেলোয়াড় কার্লোস আলকারেজ। ঘটনায় স্তম্ভিত আলকারেজ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আজ সকালে ভয়ঙ্কর সংবাদটি পেলাম। মার্সিয়ার বেশ কয়েকটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় খুব মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি এক বিশাল আলিঙ্গন।”

 

About Post Author