Home » যশস্বীর ঝোড়ো শতরান, এশিয়ান গেমসের শেষ চারে ভারত

যশস্বীর ঝোড়ো শতরান, এশিয়ান গেমসের শেষ চারে ভারত

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ অক্টোবর: এশিয়ান গেমসের শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করল ভারতীয় পুরুষ ক্রিকেট দল। সোমবার চিনের হাংজুতে নেপালকে ২৩ রানে হারাল ভারত। এশিয়ান গেমসের প্রথম ম্যাচে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২০২ রান তোলে ভারত। সৌজন্যে যশস্বী জয়সওয়ালের ঝোড়ো শতরান। জবাবে ব্যাট করতে নেমে ১৭৯ রানে থেমে যায় নেপালের ইনিংস। প্রথম বার এশিয়ান গেমসে অংশ নিয়ে শেষ চারে পৌঁছে গেল ভারত।

বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়াডে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে ভারত। দলকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়। এশিয়ান গেমসের ভারত অধিনায়ক টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিং করতে নেমে দাপট দেখতে শুরু করেন দুই ওপেনার। বিশেষ করে যশস্বী। প্রথম ১০ ওভারের মধ্যে ১০০ রান করে ফেলে ভারত। এরমধ্যে অধিনায়ক রুতুরাজের অবদান মাত্র ২৫ রান। যদিও এরপর ভারতীয় ইনিংসে ধস নামে। ৩ ওভারের ব্যবধানে রুতুরাজ সহ তিন উইকেট হারায় ভারত। তিলক বর্মা করেন মাত্র ২ রান। জিতেশ শর্মার অবদান ৫ রান। তবে উইকেটের চাপ ভারতীয় ইনিংসে পড়তে দেননি যশস্বী। ৪৯ বলে নিজের শতরান পূর্ণ করেন তিনি। মারেন ৮ টি চার ও ৪ টি ছয়। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় শতরান। কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ তে শতরান করার নজির গড়লেন তিনি। ১০০ রানে থামে যশস্বীর ইনিংস। তিনি আউট হতে মাঠে নামেন রিঙ্কু সিং। আইপিএলের মেজাজে এদিন পাওয়া গেল রিঙ্কুকে। ১৫ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেললেন তিনি। মূলত রিঙ্কুর সৌজন্যে ২০০ রানের গণ্ডি পেরোয় ভারত।

আরও পড়ুন: এশিয়াডে গোলের বন্যা ভারতের, বাংলাদেশকে একডজন গোল দিয়ে সোনার পথে হরমনপ্রীতরা

২০৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে দুর্দান্ত লড়াই চালায় নেপাল। কুশল ভূর্টেল, দীপেন্দ্র সিংহ আইরি, কুশল মাল্লা, সন্দীপ জোরার ব্যাটে ভর করে রান তুলতে থাকে নেপাল। যদিও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ম্যাচ জিতে নেয় ভারত। ভারতের হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন পেসার আবেশ খান ও স্পিনার রবি বিষ্ণই। শেষের দিকে ভালো বল করেন তরুণ স্পিনার সাই কিশোর। সব মিলিয়ে ২৩ রানের ব্যবধানে ম্যাচ জিতে, এশিয়ান গেমসের  সেমিফাইনাল পৌঁছে গেল ভারত।

About Post Author