সময় কলকাতা ডেস্ক, ৩ অক্টোবরঃ রাজ্যে ক্রমশ উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি। কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ষাটোর্ধ্ব বৃদ্ধের। কলকাতা ঠাকুরপুকুরের ১২৫ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বাঁচারপাড়া এলাকার বাসিন্দা পরেশ সাউ গত শুক্রবার থেকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর রক্ত পরীক্ষা করাতেই ডেঙ্গির রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে রক্তের প্লেটলেট ঠিকই ছিল। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এহেন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যেবেলায় মৃত্যু হয় ওই ডেঙ্গি আক্রান্তের। হাসপাতাল সূত্রে খবর, শনিবার রাতে ওই ব্যক্তির বেশ কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। আইসিইউতে ভর্তি করে ট্রিটমেন্ট শুরু করা হয়। পরেশ সাউয়ের মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি উল্লেখ রয়েছে।
আরও পড়ুন অধ্যাপকদের বেতন কাঠামোয় বড়সড় বদল, ফের ১২টি বিশ্ববিদ্যালয়কে তলব রাজ্য সরকারের
রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রমণের সংখ্যা। জেলায় জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে লাফ দিয়ে। বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতিতে গত সপ্তাহেই রাজ্যের স্বাস্থ্য সচিব সহ অন্যান্য আধিকারিক এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকে ডেঙ্গি মোকাবিলার বেশ কিছু নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। এছাড়া রাজ্যজুড়ে ডেঙ্গি মোকাবিলার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, কলকাতা সহ জেলাগুলিতে প্রতিটি পুরসভার যেসব ওয়ার্ডে ডেঙ্গির প্রভাব দেখা দিয়েছে সেইসব ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন জেলাশাসকরা।

এছাড়াও কমিশনার অফ পুলিশ এবং পুলিশ সুপারদের জমা জল বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে ডেঙ্গি নির্মূল করার জন্য পঞ্চায়েত থেকে নিবিড় পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু সংক্রান্ত তথ্য সঠিকভাবে সংরক্ষণ করতেও বলা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যজুড়েই বাড়ছে হটস্পট। সব থেকে বেশি হটস্পট উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলায়। সব থেকে খারাপ অবস্থা দমদম, বিধান নগর পুর এলাকা। তার সঙ্গে নতুন যোগ হয়েছে কামারহাটি। এই হটস্পট এলাকাগুলোতে এটি দ্রুত নোংরা পরিষ্কারের কাজ শুরু করতে হবে। স্ক্র্যাপ মেটিরিয়াল পরিষ্কার করা, নির্মাণস্থলগুলি পরিষ্কার রাখা, বন্ধ কারখানা চত্বর এবং পরিত্যক্ত জায়গায় যাতে জল না জমে তা নজর রাখার উপর বিশেষ জোর দিতে বলা হয়েছে। হটস্পট এবং বস্তি এলাকাগুলিতে মশারি বিলি করা হবে।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস