Home » স্বাদ বদলাতে রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলুন মাশরুম কোলাপুরি

স্বাদ বদলাতে রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলুন মাশরুম কোলাপুরি

সময় কলকাতা ডেস্ক, ৪ অক্টোবরঃ বাড়িতে সবসময় চিকেন বা মটনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন মাশরুমের একটি অচেনা পদ। মাশরুম রান্নায় ভিন্ন স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন মাশরুম কোলাপুরি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মাশরুম কোলাপুরি। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই মাশরুম কোলাপুরি খেলে আর ভুলতে পারবেন না। মাশরুম কোলাপুরি বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
মাশরুম – ৫০০ গ্রাম
কুচি কুচি করে কাটা পেঁয়াজ- ৪টি
ধনে গুঁড়ো- ১ চা চামচ
মৌরি- ১ চা চামচ
জিরা গুঁড়ো- ১ চা চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
টমেটো বাটা- ৩ টেবিল চামচ
তেজপাতা- ৩টি
হলুদ- ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- দেড় চা চামচ
গোলমরিচের গুঁড়ো- হাফ চা চামচ
কারিপাতা- ১০ থেকে ১২টি
গরম মশলা- ১ চা চামচ
নুন- স্বাদমতো
ধনে পাতা কুচি- হাফ কাপ

আরও পড়ুন   কর্মক্ষেত্রে অশান্তি, মানসিক চাপ বৃদ্ধি! জানুন রাশিফল

রন্ধন প্রণালী
প্রথমেই মাশরুম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে মৌরি, তেজপাতা এবং জিরা ফোঁড়ন দিয়ে পেঁয়াজগুলি ভেজে নিন। পেয়াজ পুরো ভাজা হয়ে এলে তাতে সব মশলা দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো, আদা এবং রসুন বাটা দিয়ে আবার কষাতে থাকুন। এবার আদা ও পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে মাশরুম দিয়ে দিন। বেশি কিছুক্ষণ ধরে ভাজুন। এরপর গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো, কারিপাতা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিন। কুড়ি মিনিটের মত ঢেকে দিয়ে মাশরুম সেদ্ধ হতে দিন। তেল ছাড়তে শুরু করলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস তৈরি মাশরুম কোলাপুরি। পোলাও, রুটি, কিংবা নানের সঙ্গে একেবারে জমে যাবে মাশরুমের এই পদ।

About Post Author