Home » উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

সময় কলকাতা ডেস্ক, ৪ অক্টোবরঃ  রাজ্যে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। শুধু শহরাঞ্চলই নয়, গ্রামাঞ্চলগুলিতেও উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি। রাজ্যের নানা প্রান্ত থেকে ডেঙ্গি আক্রান্ত হয়ে একের পর এক মৃত্যুর খবর উঠে আসছে। এবার ডেঙ্গি মোকাবিলায় আদালতের হস্তক্ষেপের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে। ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন সঞ্জীবকুমার মুখোপাধ্যায় নামে এক চিকিৎসক। চলতি সপ্তাহেই হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। চিকিৎসক সঞ্জীবকুমার মুখোপাধ্যায়ের দাবি, রাজ্যের বিভিন্ন পুরনিগম ও পুরসভাগুলি ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ। এমনকী পঞ্চায়েতগুলিও ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ মামলাকারী চিকিৎসকের। জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলা গ্রহণ করা হয়েছে। যদিও, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে প্রশাসনও দফায় দফায় বৈঠক করছে। ডেঙ্গি দমনে ব্লু-প্রিন্ট তৈরি করছে।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে ডেঙ্গি সংক্রমণের সংখ্যা। জেলায় জেলায় আক্রান্ত মানুষের সংখ্যাও বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতিতে গত সপ্তাহেই রাজ্যের স্বাস্থ্য সচিব সহ অন্যান্য আধিকারিক এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকে ডেঙ্গি মোকাবিলার বেশ কিছু নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। এছাড়া রাজ্যজুড়ে ডেঙ্গি মোকাবিলার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, কলকাতা সহ জেলাগুলিতে প্রতিটি পুরসভার যেসব ওয়ার্ডে ডেঙ্গির প্রভাব দেখা দিয়েছে সেইসব ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন জেলাশাসকরা। এছাড়াও কমিশনার অফ পুলিশ এবং পুলিশ সুপারদের জমা জল বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আরও পড়ুন      পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেল যাদব পরিবার

গ্রামাঞ্চলের ক্ষেত্রে ডেঙ্গি নির্মূল করার জন্য পঞ্চায়েত থেকে নিবিড় পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু সংক্রান্ত তথ্য সঠিকভাবে সংরক্ষণ করতেও বলা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যজুড়েই বাড়ছে হটস্পট। সব থেকে বেশি হটস্পট উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলায়। সব থেকে খারাপ অবস্থা দমদম, বিধান নগর পুর এলাকা। তার সঙ্গে নতুন যোগ হয়েছে কামারহাটি। এই হটস্পট এলাকাগুলোতে এটি দ্রুত নোংরা পরিষ্কারের কাজ শুরু করতে হবে। স্ক্র্যাপ মেটিরিয়াল পরিষ্কার করা, নির্মাণস্থলগুলি পরিষ্কার রাখা, বন্ধ কারখানা চত্বর এবং পরিত্যক্ত জায়গায় যাতে জল না জমে তা নজর রাখার উপর বিশেষ জোর দিতে বলা হয়েছে। হটস্পট এবং বস্তি এলাকাগুলিতে মশারি বিলি করা হবে বলেই জানা গিয়েছে।

About Post Author