সময় কলকাতা ডেস্ক, ৪ অক্টোবর: বঙ্গোপসাগরে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে গভীর নিম্নচাপ। আর এই নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গত শুক্রবার থেকে একনাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে অতিভারী নিম্নচাপে পরিণত হয়েছে। ঝাড়খন্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করেছে। আর এই নিম্নচাপের কারণে বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর বৃষ্টি হবে। শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমস হকির ফাইনালে ভারত
জানা গিয়েছে,শনিবার থেকে দক্ষিণবঙ্গে সামান্য হাওয়া বদল হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই ধসের সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা। কলকাতা ও তার আশপাশের এলাকায় সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৬ থেকে ৯৪ শতাংশ।

পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি,নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। অরুণাচল প্রদেশ, অসম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ভূমি ধসের সতর্কতা জারি করা হয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী