Home » ধানবাদের কয়লা খনিতে অবৈধ খননের সময় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২

ধানবাদের কয়লা খনিতে অবৈধ খননের সময় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২

সময় কলকাতা ডেস্ক, ১৬ অক্টোবর: কয়লা খনিতে অবৈধ খননকার্য চালানোর সময় বারবার ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। তা সত্ত্বেও কোন হেলদোল নেই ইসিএল কর্তৃপক্ষের। কয়লা খনিতে ফের ভয়াবহ দুর্ঘটনা। সোমবার সকালেই ঝাড়খণ্ডের নিরসা থানার অন্তর্গত ইসিএল মুগমা এলাকায় কাপাসরা আউটসোর্সিংয়ের বন্ধ কয়লা খনিতে অবৈধ খননের সময় নামে ধস। ধসের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়। এখনও পর্যন্ত ১০ জন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন    বিশ্বকাপে প্রথম অঘটন, গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস আফগানিস্তানের

জানা গিয়েছে, এদিন সকালে ১২-১৩ জন শ্রমিক কাপাসরা আউটসোর্সিংয়ের খনিতে অবৈধ খননকার্য শুরু করলে খনির পাশের গরম পুকুর নামের একটি পুকুরের জল এসে ঢুকে যায় খনির মধ্যে। জলে তীব্রতায় মাটিতে ধস নামে। আটকে পড়েন শ্রমিকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় মানুষ। সেইসঙ্গে ঘটনাস্থলে এসে উপস্থিত হন বিজেপির নিশার বিধায়ক অপর্ণা সেনগুপ্ত এবং জে এম এম পার্টির লক্ষ্মী দেবী। সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরেও ইসিএল কর্তৃপক্ষকে জানিয়ে কোনও সুরাহা পাওয়া যায়নি। কাপাসরা আউটসোর্সিং এলাকায় নেই কোন কাঁটাতার, নেই কোন বেড়া। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

অবৈধ খনন কার্যের সময় ঘটছে মৃত্যু, অনেক সময় পথ চলতি মানুষও পড়ছেন বিপদে। বিগত পাঁচ মাস ধরে কাপাসরা আউটসোর্সিং খনি সম্পূর্ণ বন্ধ। ফলে কোন নিরাপত্তা কর্মী নেই। কার্যত সে কারণেই পেটের দায়ে প্রতিদিন অবৈধ খনন কার্য চালাচ্ছেন সাধারণ মানুষ। অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা ইসিএল কর্তৃপক্ষ না নিলে আগামী দিনে এমন দুর্ঘটনা আরও ঘটতে থাকবে বলেই মত এলাকাবাসীর। পাশাপাশি নিশার বিধানসভার বিজেপির বিধায়ক অপর্ণা সেনগুপ্ত-র দাবি, অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। জেএম এম পার্টির নেত্রী লখিন দেবীর সরাসরি অভিযোগ ই সি এল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ইসিএল কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই ঘটছে এই দুর্ঘটনা, এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন জে এম এম পার্টির লক্ষ্মী দেবী।

About Post Author