Home » পুজোর ভুরিভোজ জমিয়ে তুলতে বাড়িতেই বানিয়ে ফেলুন হরিয়ালি ভেটকি

পুজোর ভুরিভোজ জমিয়ে তুলতে বাড়িতেই বানিয়ে ফেলুন হরিয়ালি ভেটকি

সময় কলকাতা ডেস্ক, ১৬ অক্টোবরঃ পাতুরি হোক বা ফিশ ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ভেটকি মাছ। মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। মুইঠ্যা মানেই কি চিতল? অথবা কাতলা? সেই দস্তুর ভেঙে এবার  পুজোর ভুরিভোজ জমিয়ে তুলতে পাতে পড়ুক হরিয়ালি ভেটকি। ভেটকি মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন হরিয়ালি ভেটকি। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে হরিয়ালি ভেটকি। বিশেষ করে পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে একবার এই হরিয়ালি ভেটকি খেলে আর ভুলতে পারবেন না। হরিয়ালি ভেটকি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ভেটকি মাছ-৫ পিস
পালং শাক-১ আঁটি (কুচনো)
রসুন-৬ কোয়া
পেঁয়াজ-২টো (কুচনো)
টম্যাটো- ২টো (কুচনো)
আদা-১ টেবিল চামচ
মাখন-২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো-১/২ চা চামচ
ধনে গুঁড়ো-১ চা চামচ
হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
সাদা তেল-৫ টেবিল চামচ
নুন-পরিমাণ মত
গরম মশলা – ১ চা চামচ
দুধ-৪ টেবিল চামচ

রন্ধন প্রণালী
প্রথমেই পালং শাক জলে সিদ্ধ করে ভাল করে বেটে নিন। কড়াইতে তেল গরম করে তাতে ভেটকি মাছ হালকা বাদামি করে ভেজে নিন। এবার ওই তেলেই আদা, রসুন, পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর টম্যাটো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভাল করে কষিয়ে নিন। আঁচ কমিয়ে মাছ ও দুধ দিয়ে পনেরো মিনিট সেদ্ধ হতে দিন। মশলা মাছে ঢুকে গেলে পালং শাক বাটা ও গরম মশলা দিয়ে দিন। পালং শাক প্যানের গায়ে লেগে যেতে শুরু করলে আঁচ থেকে নামিয়ে নিয়ে অপর থেকে মাখন ছড়িয়ে দিন। ব্যস তৈরি হরিয়ালি ভেটকি। রুমাল রুটি কিংবা পরোটার সঙ্গে দারুণ জমবে এই হরিয়ালি ভেটকি

About Post Author