সময় কলকাতা ডেস্ক, ১৮ অক্টোবর: উৎসবের মরশুমে শহরজুড়ে নবান্নের কড়া নজরদারি। পুজোর নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না নবান্ন। উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতা, মহালয়া থেকেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়। শ্রীভূমি হোক বা সন্তোষ মিত্র স্কোয়ার, কলেজ স্কোয়ার, দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রনী, সর্বত্রই নেমেছে মানুষের ঢল। আর পুজোর সময় প্যান্ডেল হপিং-এ বেরিয়ে দর্শনার্থীদের যাতে কোনোরকম অসুবিধায় পড়তে না হয়, তার জন্য চতুর্থীর দিন থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত নবান্নে খোলা হল বিশেষ কন্ট্রোল রুম। কলকাতা ছাড়াও জেলাতেও এই কন্ট্রোল রুম খোলা হচ্ছে।

কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই কারণে চব্বিশ ঘণ্টার জন্যই নজরদারি রাখবে এই কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর হল ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬। পুজোয় যে কোনও ধরনের সমস্যা বা অভিযোগ জানাতে নবান্নের হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেবেন দর্শনার্থীরা। সূত্রের খবর, কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন একজন বিশেষ আধিকারিক। ইতিমধ্যেই নবান্নের তরফে জানানো হয়েছে, কালীপুজোতেও কন্ট্রোল রুম চালু করার কথা। অন্যদিকে, দুর্গাপুজোয় তিলোত্তমার ভিড় সামলাতে কলকাতা পুলিশের তরফে এবার বাড়তি নজর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে।
আরও পড়ুন ঘুমের দেশে মরক্কো-র কোকিল চেইখা সুনামি , বিষপ্রয়োগে নয় ক্যান্সারে মৃত্যু – জানাল পরিবার

নবমী পর্যন্ত শহরের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় থাকবেন আট হাজার পুলিশকর্মী। কলকাতার বড় বড় পুজোমণ্ডপে পুলিশ মোতায়েন করা হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, চতুর্থী অর্থাৎ আজ থেকেই শহরে অতিরিক্ত চার হাজার পুলিশকর্মীকে মোতায়েন করা হচ্ছে। ২০০ জন ইনস্পেক্টরও রাস্তায় থাকবেন। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত সহর কলকাতায় পুলিশের সংখ্যা দ্বিগুণ হবে। ট্র্যাফিক পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, শহরের রাস্তায় পুলিশকর্মীর মোট সংখ্যা ১৪ হাজার ছাড়াতে পারে। পাশাপাশি, শহরের নিরাপত্তার জন্য ১৮ জন উপ-নগরপাল পদমর্যাদার পুলিশকর্তা মোতায়েন থাকবেন। সেইসঙ্গে ৮২ জন সহকারী নগরপাল পদমর্যাদার আধিকারিকও থাকবেন। এছাড়াও থাকছে ৩০টি অ্যাম্বুল্যান্স, ১৬টি কুইক রেসপন্স টিমও। গঙ্গার ঘাটগুলিতে থাকছে অতিরিক্ত নজরদারি।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!