স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ অক্টোবর: ক্রিকেটের সব থেকে বড় উৎসব বিশ্বকাপ। এই উৎসবে নিজের দেশের প্রতি সমর্থনে তাঁদের দর্শকরা সামিল হবেন এটাই স্বাভাবিক। তবে, পাকিস্তান জিন্দাবাদ স্লোগানে দেশকে সমর্থন করায় পুলিশি বাঁধার মুখে পড়তে হল এক দল পাকিস্তানি সমর্থককে। গোটা ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ পড়শি দেশের সমর্থক থেকে সেদেশের সংবাদমাধ্যম।

বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে শুক্রবার বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ওই ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন অনেক পাকিস্তানের সমর্থক। ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে একজন পাকিস্তান সমর্থক স্লোগান দেন পাকিস্তান জিন্দাবাদ। সেই স্লোগান শুনতে পেয়েই ছুটে যান মাঠে কর্মরত এক পুলিশকর্মী। তিনি ওই পাকিস্তান সমর্থককে অনুরোধ করেন, যেন তাঁরা স্লোগানটি ব্যবহার না করেন। সমর্থকরা জানান তাঁরা পাকিস্তান থেকে এসেছেন। ফলে তাঁদের অধিকার রয়েছে নিজের দেশের হয়ে গলা ফাটানোর। এরপরেই পাক সমর্থক বচসায় জড়ান ওই পুলিশকর্মীর সঙ্গে। গোটা ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন: শিশুদের সিরাপ খেয়ে ২ বছরের জন্য নির্বাসিত মেসির সতীর্থ তারকা ফুটবলার
৪৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে পাক সমর্থকের বচসার সেই ঘটনা। পাক সমর্থক বলছেন,‘আমি কেন পাকিস্তান জিন্দাবাদ বলতে পারব না? যদি ভারত মাতা কি জয় বলা যায়, তাহলে পাকিস্তান জিন্দাবাদও বলা যেতে পারে।’ সেই সময় ওই পুলিশকর্মী বলেন, ‘ভারত মাতা কি জয় ঠিক আছে। কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বলা যাবে না।’ এরপর ওই সমর্থক পুলিশকর্মীকে জানান, তিনি পাকিস্তান থেকে এসেছেন। ওই সমর্থক পুলিশকর্মীকে জানান তিনি পুরো বিষয়টা ভিডিয়ো করতে চান। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তানের সমর্থক থেকে সেদেশের মিডিয়া। তবে ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি আইসিসি, বিসিসিআই বা কর্ণাটক পুলিশের পক্ষ থেকে।


More Stories
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব