স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ অক্টোবর: চলতি মরশুমের প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বি। দুই দলের সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। যদিও মাঠে দেখা গেল না সেই লড়াই। কার্যত একপেশে ম্যাচে ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিল সিটিজেনরা। পেপ গুয়ার্দিওলার দলের হয়ে জোড়া গোল করেন আর্লিং হাল্যান্ড। ইউনাইটেড গোলপোস্টের নিচে আন্দ্রে ও দুর্ভেদ্য হয়ে না দাঁড়ালে এদিন আরও লজ্জার মুখোমুখি হতে পারত এরিক টেন হ্যাগের দলকে। ইউনাইটেড প্রয়াত কিংবদন্তি ববি চার্লটনকে শ্রদ্ধা জানাতে এদিন ওল্ড ট্র্যাফোর্ডে উপস্থিত ছিলেন অনেক প্রাক্তন ফুটবলার। যদিও ওল্ড ট্র্যাফোর্ডে দিনের শেষটা ইউনাইটেডের পক্ষে হল না।

আরও পড়ুন একটানা ছয় ম্যাচে জিতে শেষ-চারে নিশ্চিত ভারত
খেলার শুরু থেকে তিকি-তাকা ফুটবলে ইউনাইটেডকে চাপে রাখেন ফডেন, হাল্যান্ড, জুলিয়ান আলভারেজরা। খেলার ৮ মিনিটে গোলের সুযোগ পেয়ে যায় সিটি। কাইল ওয়াকারের ক্রস থেকে হেড করেছিলেন ফডেন। অসামান্য দক্ষতায় শরীর ছুঁড়ে দুবার পরিস্থিতি সামাল দেন ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা। যদিও বেশিক্ষণ দুর্গ অক্ষত রাখতে পারেনি ইউনাইটেড। ২৬ মিনিটে বিপক্ষকে গোলের সুযোগ করে দিলেন ইউনাইটেড ফরওয়ার্ড হুইল্যান্ড। ডি বক্সের ভিতর রড্রিকে বাঁধা দেন তিনি। ভিএআর মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শট থেকে বল জালে জড়িয়ে সিটিজেনদের এগিয়ে দেন আর্লিং হাল্যান্ড। খেলার ৩১ মিনিটে গোল শোধের সুযোগ পেয়েছিল ইউনাইটেড। মাঝমাঠ থেকে বল নিয়ে সিটির রক্ষণে ঢুকে পড়েন হুইল্যান্ড। গোলরক্ষককে পরাস্ত করে পাস দেন দলের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের পায়ে। যদিও তিনি বল জালে রাখতে পারেননি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধে ফের আক্রমণে গতি বাড়ায় ম্যাঞ্চেস্টার সিটি। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মাথায় সিটির হয়ে ব্যবধান বাড়ান হাল্যান্ড। বাঁ প্রান্ত থেকে বের্নার্দো সিলভার ক্রস জোরালো হেডে জালে জড়ান। চলতি লিগে ১০ ম্যাচে ১১ টি গোল হয়ে গেল নরওয়ের তারকার। খেলার ৬৯ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ইউনাইটেড। এরিকসনের অসাধারণ পাস থেকে মার্কাস র্যাশফোর্ডের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৭১ মিনিটে হাল্যান্ডের শট দারুণ দক্ষতায় বাঁচিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক ওনানা। যদিও ৮০ মিনিটের মাথায় ফের পরাস্ত হন ওনানা। হাল্যান্ডের গোলের ঠিকানা লেখা পাস থেকে ব্যবধান ৩-০ করেন ফিল ফডেন। আর খেলায় ফিরতে পারেনি ইউনাইটেড। ইউনাইটেডকে হারিয়ে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এল ম্যাঞ্চেস্টার সিটি। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দু নম্বরে আর্সেনাল। শীর্ষে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ২৬। আর ১৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?