Home » পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির স্ক্যানারে আরও ১০টি পুরসভা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির স্ক্যানারে আরও ১০টি পুরসভা

সময় কলকাতা ডেস্ক,৪ নভেম্বর: পুর নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে,ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য। শীর্ষ আদালতেও খারিজ হয়ে গিয়েছে রাজ্যের মামলা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির স্ক্যানারে রাজ্যের আরও ১০টি পুরসভা। এরমধ্যে রয়েছে পানিহাটি, বর্ধমান, দক্ষিণ দমদম, দমদম, নিউ বারাকপুর, কামারহাটি, মধ্যমগ্রাম, হালিশহর, কৃষ্ণনগর পুরসভা। এই ১০টি পুরসভায় কর্মী নিয়োগের ক্ষেত্রে বেশি অনিয়ম হয়েছে বলেই অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই পুরনিগম দফতরের কাছে এই দশটি পৌরসভা সংক্রান্ত বিভিন্ন তথ্য আবারও চেয়ে পাঠিয়েছেন ইডি আধিকারিকরা। ইডি তদন্তকারীরাই বলছেন, যে কটি পুরসভার নাম উঠে এসেছে, তার মধ্যে বেশিরভাগই রয়েছে উত্তর ২৪ পরগনার।

আরও পড়ুন  মহারাষ্ট্রে ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আগুনে ঝলসে মৃত ৭

প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ইডি-সিবিআই। প্রতিদিনই দিকে দিকে অভিযান শুরু করেছে তারা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ফের ইডি দফতরে হাজিরা দিয়েছেন কামারহাটি পুরসভার চিফ ইঞ্জিনিয়ার তমাল দত্ত। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবারই তিনি হাজিরা দিয়েছিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। এদিন বেশ কিছু নথি নিয়ে ফের আসেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতির তদন্তে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন। কামারহাটি পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন   বিশ্বকাপে নেই হার্দিক

তারপর থেকেই রাজ্যের একাধিক পুরসভায় হানা দিচ্ছে ইডি। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি পুরসভাকে নোটিস পাঠিয়েছিল ইডি। রাজ্যের ওই ১২টি পুরসভার কাছেই ২০১৪ সাল থেকে কবে, কোথায়, কাকে নিয়োগ করা হয়েছে, সেই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানতে চাওয়া হয়েছিল। এদিকে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় সোমবারের পর মঙ্গলেও ইডি দফতরে হাজিরা দিয়েছেন আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। এদিন সিজিও কমপ্লেক্সে আইএএস কর্তা পৌঁছনোর কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছন দক্ষিণ দমদমের প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ও। দু’জনকেই পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই ইডি সূত্রে খবর। সোমবারই পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তলব করা হয় জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে।

About Post Author