সময় কলকাতা ডেস্ক, ৮ নভেম্বর: রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ইডির হাতে। তদন্ত যতই এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রেশন দুর্নীতি মামলায় মেরুন ডায়েরি, তিনটি নোটবুকের পর এবার আরও এক ডায়েরির সন্ধান পেল ইডি। সূত্রের খবর, বাকিবুর ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর কাছে থেকে ওই ডায়েরি উদ্ধার হয়েছে। ওই ব্যবসায়ী ইডিকে জানিয়েছেন, বাকিবুরের নির্দেশে একাধিক গমকল থেকে আটা তৈরি হওয়ার পর সরকারি খাদ্যসামগ্রীর ২০ থেকে ৩০ শতাংশ খোলা বাজারে বিক্রির জন্য সরিয়ে ফেলা হতো।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলায় ফের কুন্তল ঘোষের ফ্ল্যাটে ইডির হানা
ইডির দাবি, ওই ব্যবসায়ী তাঁর বয়ানে জানিয়েছেন, কম দামে রেশনের গম কিনে নেওয়া হতো। আটা তৈরি হওয়ার পর খোলা বাজারে বিক্রি করার আগে তা প্যাকেটজাত করতে পাঠানো হত সেখানে। প্যাকেজিং কোথায় কোথায় হতো, তার বেশ কিছু সন্ধান দিয়েছে ওই ডায়েরি বলে দাবি ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, প্যাকেজিংয়ের পর সেই আটাই চড়া দামে বিক্রি করা হতো খোলা বাজারে। আর টাকার লাভের অংশ পৌঁছে যেত বাকিবুর ও তাঁর সহযোগীদের কাছে। ডায়েরির তথ্য থেকেই বেশ কয়েকজন মিল মালিক, প্যাকেজিং সংস্থার সন্ধানে ইডি। পরবর্তীতে আটা তৈরি করে খোলা বাজারে বিক্রি করে মুনাফা আসত। সূত্রের খবর, লেনদেনের হিসাব-সহ একাধিক গমকলের তালিকা রয়েছে ওই ডায়েরিতে।
আরও পড়ুন পর্যবেক্ষণ শক্তি কি গোয়েন্দাদের মত? ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে পাওয়া মেরুন ডায়েরি থেকে একের পর এক তথ্য উঠে আসছে। এছাড়া তিনটি নোটবুকও তদন্তকারী সংস্থার অফিসারদের হাতে এসেছে বলে সূত্রের খবর। কার্যত সেকারণেই রেশন দুর্নীতি মামলায় সোমবার ফের ইডির অফিসে তলব করা হয়েছিল বনমন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ককে। মেরুন ডায়েরির লেনদেন সংক্রান্ত যাবতীয় নথি ইডির অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যে মেরুন ডায়েরিটি উদ্ধার হয়েছে তাতে লেখা আছে ‘বালুদা’র নাম। সেখানে তারিখ ধরে ধরে কোন দিন কার থেকে কত টাকা এসেছে, সেই টাকা কোথায় জমা রাখা হয়েছে, সেই সংক্রান্ত হিসেব লেখা রয়েছে। এছাড়া আর্থিক হিসেব সংক্রান্ত তিনটি নোটবুকও পাওয়া গিয়েছে বলে সূত্রের দাবি।


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ