Home » ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ এথিক্স কমিটির

ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ এথিক্স কমিটির

সময় কলকাতা ডেস্ক, ৯ নভেম্বর: এবার আরও বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করতে চলেছে লোকসভার এথিক্স কমিটি। বৃহস্পতিবারই এথিক্স কমিটির বৈঠক ডাকা হয়েছে। তার আগে কমিটির কয়েক জন সদস্যকে খসড়া সুপারিশ পাঠানো হয়েছে। সূত্রের খবর, ৫০০ পৃষ্ঠার সেই খসড়া রিপোর্টে মহুয়ার লোকসভার সাংসদ পদ শুধু খারিজের সুপারিশ করা হয়নি, ফৌজদারি তদন্তেরও পরামর্শ দেওয়া হয়েছে। মহুয়ার বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানিয়েছিলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। 

আরও পড়ুন   পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী বাংলাকে পাঁচ হাজার কোটি টাকা দিল কেন্দ্র

তাঁর অভিযোগ ছিল, ব্যবসায়ী বন্ধু দর্শন হীরানন্দানির থেকে টাকা ও দামি উপহার নিয়ে লোকসভায় আদানি গোষ্ঠীর ব্যাপারে প্রশ্ন করেছেন মহুয়া। আদানি শিল্পগোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী হল হীরানন্দানির সংস্থার। নিশিকান্তর এও অভিযোগ ছিল, মহুয়া লোকসভার ওয়েবসাইটের লগ ইন পাসওয়ার্ড শেয়ার করেছিলেন হীরানন্দানিকে। লোকসভার এথিক্স কমিটির রিপোর্টে বলা হয়েছে, মহুয়ার এই কার্যকলাপ অনৈতিক এবং আপত্তিকর। এটা অপরাধও বটে। তাই এথিক্স কমিটি ‘কঠোর শাস্তির’ সুপারিশ করছে। ইতিমধ্যেই মহুয়ার ব্যাপারে ৫০০ পৃষ্ঠার খসড়া রিপোর্ট তৈরি করেছে। এই রিপোর্ট তৈরির জন্য কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার সংবিধান বিশেষজ্ঞদেরও সাহায্য নিয়েছেন বলে খবর।

ওই রিপোর্টে বলা হয়েছে, সংসদ থেকে অবিলম্বে মহুয়াকে বহিষ্কার করা উচিত। আর কেন্দ্রের সরকারের উচিত মহুয়ার বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাতিষ্ঠানিক তদন্ত শেষ করা। এদিন বিকেলেই মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সাংবিধানিক সংস্থা লোকপাল। অর্থাৎ এথিক্স কমিটি যে সুপারিশ করতে চলেছে, তার প্রক্রিয়া এক প্রকার শুরু হয়ে গেছে। তবে, এথিক্স কমিটির খসড়া রিপোর্ট এটি। বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠক রয়েছে। সেখানে এই খসড়া রিপোর্ট পেশ করা হবে। তার পর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ওই রিপোর্ট বৈঠকে পাশ করানো হবে। এথিক্স কমিটিতে ১৫ জন সদস্যের মধ্যে বিজেপি তথা শাসক জোটের এমনিতেইসংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে খসড়া রিপোর্টটাই কমিটির চূড়ান্ত সুপারিশ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

About Post Author