স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ নভেম্বর: রবিবার বিশ্বকাপের (ICC World Cup 2023) ফাইনালে মুখোমুখি হবে ভারত (India Cricket Team)ও অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। তবে বিশ্বকাপ শেষ হলেই দেশে ফিরছেন না অজিরা। কারণ, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতের মাটিতে টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে সেই ম্যাচে নেতৃত্বে বদল হচ্ছে। চোট পেয়ে আপাতত কয়েক মাসের জন্য মাঠের বাইরে হার্দিক পান্ডিয়া। যিনি আবার টি-২০ ফরম্যাটে ভারতের অধিনায়ক। হার্দিকের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া সিরিজের জন্য নতুন অধিনায়কের দায়িত্ব পেতে চলেছেন সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)।

বোর্ডের তরফে যদিও এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। বিশ্বকাপের ফাইনাল শেষ হলে দল ও দলনেতার নাম ঘোষণা করা হবে। জানা গিয়েছে, বিশ্বকাপের পর দলের একাধিক প্রথম সারির তারকাকে বিশ্রাম দেওয়া হবে। সেখানে দলে সুযোগ পাবেন তরুণরা। সেই দলকে নেতৃত্ব দেবেন ভারতীয় সমর্থকদের পছন্দের ‘স্কাই’।টি-২০ ফরম্যাটে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলিয়েছেন সূর্য। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তাঁকে সহ অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা নেই। তবে, ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন। রঞ্জি ট্রফিতে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন সূর্য। ভারতের যুব দলকেও নেতৃত্ব দিয়েছেন তিনি।

তবে সূর্যর এখন মূল ফোকাস বিশ্বকাপ। রাত পোহালেই ভারত মুখোমুখি অস্ট্রেলিয়ার। চলতি বিশ্বকাপে এখনও বড় রানের দেখা পাননি সূর্য। মিস্টার ৩৬০ ডিগ্রিকে তাঁর চেনা ছন্দে এখনও দেখতে পাননি ক্রিকেটপ্রেমীরা। তবে নিজের দিনে বিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারেন সূর্য কুমার যাদব। ফাইনালে তাঁর আগ্রাসী ব্যাটের উপর আস্থা রেখেছে দল। এখন দলের আস্থার মর্যাদা তিনি রাখতে পারেন কিনা উত্তর মিলবে আর কিছু সময় পর।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে