Home » পাতুরি কিংবা ভাপা নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ইলিশের কোর্মা

পাতুরি কিংবা ভাপা নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ইলিশের কোর্মা

সময় কলকাতা ডেস্ক, ১৯ নভেম্বরঃ ইলিশ মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি বোধহয় খুব কমই দেখা যায়। বাঙালি বাড়িতে প্রায় প্রতি দিনই চলে ইলিশ পার্বণ। পাতুরি হোক বা ভাজা-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ইলিশ মাছ। ইলিশ পাতুরি, ভাপা, কালোজিরে বেগুন দিয়ে ঝোল, সর্ষে দিয়ে ঝাল তো অনেক হোল। এবার ইলিশ মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন ইলিশের কোর্মা। সবসময় ইলিশ মাছের একই পদ কার ভালো লাগে বলুন তো? তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন ইলিশের কোর্মা। গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে ইলিশের কোর্মা। ইলিশের কোর্মা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি- 

আরও পড়ুন  পাটুলিতে ধর্মীয় মহাযজ্ঞ , বিশ্বকাপ মহাযজ্ঞে কামনার অন্ত নেই দেশবাসীর

উপকরণ
ইলিশ মাছ- ৬ পিস
পোস্ত বাটা- ২ টেবিল চামচ
কাজুবাদাম বাটা- ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি- আধ কাপ
পেঁয়াজ ও রসুন বাটা-২ চা চামচ
টক দই- ২ টেবিল চামচ
নারকেলের দুধ- এক কাপ
কাঁচা লঙ্কা বাটা-১ চা চামচ
নুন ও চিনি- স্বাদ অনুযায়ী
সর্ষে তেল- পরিমাণ মত
ঘি-১ টেবিল চামচ

রন্ধন পদ্ধতি
প্রথমেই ইলিশ মাছগুলি ভাল করে ধুয়ে নুন, হলুদ গুঁড়ো মাখিয়ে গরম তেলে হালকা করে ভেজে তুলে রাখুন। এবার মাছ ভাজার তেলেই সামান্য ঘি দিয়ে পেঁয়াজ কুচি লাল করে ভেজে তুলে নিন। ওই তেলেই পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা ল‌ঙ্কা বাটা দিয়ে খানিকক্ষণ ভাল করে কষিয়ে নিন। একটি পাত্রে টক দই, কাজুবাদাম বাটা, পোস্ত বাটা একসঙ্গে ফেটিয়ে নিন। এই মিশ্রণটি কড়াইতে দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। এরপর নুন, চিনি দিয়ে দিন। কিছুক্ষণ মশলা কষানোর পর নারকেলের দুধ দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা ইলিশ মাছগুলো কড়াইতে ছেড়ে দিন। মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করে উপর থেকে ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিন। এবার আঁচ নিভিয়ে দিন। ব্যস তৈরি ইলিশের কোর্মা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা ইলিশের কোর্মা।

About Post Author