Home » শহরজুড়ে উত্তুরে হাওয়ার আমেজ, এবার কি জাঁকিয়ে শীত বঙ্গে?

শহরজুড়ে উত্তুরে হাওয়ার আমেজ, এবার কি জাঁকিয়ে শীত বঙ্গে?

সময় কলকাতা ডেস্ক, ২০ নভেম্বর: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শহরজুড়ে উত্তুরে হাওয়ার আমেজ। সপ্তাহের শুরুতেই সকাল থেকে কলকাতার আকাশ রোদ ঝলমলে। একধাক্কায় অনেকটাই পারদ পতন। আগামী দু’দিনের মধ্যেই কনকনে ঠান্ডা পড়বে। আপাতত বঙ্গে আর ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট। বাতাসে এখন শীতের আগমনী সুর। যদিও ভারতের উপকূলবর্তী একাধিক রাজ্যে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে, সোমবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও তাপমাত্রা অনেকটাই কমেছে। আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া।

আরও পড়ুন   গ্রাহকদের জন্য দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল

হাওয়া অফিস সূত্রের খবর, সোমবার কলকাতার আকাশ দিনভর রোদ ঝলমলে থাকবে। বেলা গড়াতেই তাপমাত্রা আরও কমবে। ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই চুটিয়ে শীত উপভোগ করতে পারবে বঙ্গবাসী। ইতিমধ্যেই উত্তুরে হাওয়ার দেখা মিলেছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। ফলে শুষ্ক হবে বাতাস। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫১ থেকে ৯৪ শতাংশ।

পূর্বাভাস বলছে, শনিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। ডিসেম্বরের আগেই জাঁকিয়ে শীত পড়বে বাংলায়। গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা স্বাভাবিক থেকে কম থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমেছে। তবে, মণিপুর ও মিজোরামে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।অন্যদিকে, তেলেঙ্গানায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

About Post Author