Home » সৌরভ হিন্দুত্বের মুখ নন : দিলীপ ঘোষ

সৌরভ হিন্দুত্বের মুখ নন : দিলীপ ঘোষ

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা , ২২ নভেম্বর : সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করার পরে বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে বিজেপি চিন্তার কোনও কারণই দেখছে না। কারণ দিলীপ ঘোষের মতে সৌরভ গঙ্গোপাধ্যায় ‘ হিন্দুত্বের মুখ নয় ‘। তাঁকে সামাজিক কাজে লাগানো যেতেই পারে।তাঁকে আগে কাজে লাগালে শিল্পেরও পরিবর্তন হত, এমনটাই মনে করছেন বঙ্গের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তবে রাজনীতিতে সৌরভকে ব্যবহার করলে, তৃণমূলের লাভ হবে না, বিজেপিরও ক্ষতি হবে না – তা বুঝিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ।

মাত্র একদিন আগে, মঙ্গলবার, প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চেই এই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে বিজেপি বিষয়টি নিয়ে যে কাটাছেঁড়া করেছে তার ইঙ্গিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষের মন্তব্যের মধ্যে পরিষ্কার হয়ে উঠেছে। বিজেপি উত্তরপ্রদেশের মডেলকেই বঙ্গে দেখতে শুরু করেছে তাও পরিষ্কার। কারণ, ভোটবাক্সকে তারা ধর্মীয় মেরুকরণের অঙ্গ হিসেবেই দেখছে। ভোট এখন সংখ্যালঘু ও হিন্দুত্বের ভাবনা থেকেই ভাগ হয়ে যায়, সামাজিক বা শিল্প সংক্রান্ত উন্নয়নও ধর্মীয় ভাবনার কাছে যে ফিকে হয়ে যায়- নির্বাচন ও রাজনীতির ক্ষেত্রে বিজেপি অন্তত তাই মনে করে। দিলীপ ঘোষের বক্তব্য থেকে তেমনটাই মনে করা হচ্ছে কারণ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানিয়েছেন শাহরুখ খানের বাজার নেই। বলিউড তথা ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ মুহূর্তে অবিসংবাদী প্রধান তারকা শাহরুখ খানের বাজার না থাকার ব্যখ্যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই যে বিজেপি দেখছে, তা পরিষ্কার হয়েছে যখন বিজেপি পর্যালোচনা করে দেখেছে সৌরভ গঙ্গোপাধ্যায় হিন্দু ভোটে কতটা থাবা বসাতে পারেন।

উল্লেখ্য, এর আগে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শাহরুখ খান। তাঁকে সরিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনা হয়েছে কিনা তৃণমূল সেকথা পরিষ্কার না করলেও বিজেপি কিন্তু সেভাবেই বিষয়টি দেখছে। আর সেখান থেকে আগামী বছর লোকসভা নির্বাচনের অঙ্কে বিষয়টিকে দাঁড়িপাল্লায় মাপছে। শাহরুখ খানের ক্ষেত্রে বদলে সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে এরকম ধরে নিয়েই বিজেপির মূল্যায়ন, সৌরভ গঙ্গোপাধ্যায় কোনভাবেই বিজেপির হিন্দু ভোটে ভাগ বসাতে পারবেন না। তাই সামাজিক উন্নয়ন বা শিল্পের বিকাশের ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্যবহার যদি করা হয়, তা নিয়ে বিজেপির বিন্দুমাত্র মাথাব্যথা নেই এবং দিলীপ ঘোষ সেই ভাবনাকে স্বাগত জানিয়েছেন। তবে রাজনৈতিক ক্ষেত্রে সৌরভকে ব্যবহার করলে আখেরে বিজেপির যে কোনও ক্ষতি হবে না, তা বুঝিয়ে দিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন সৌরভ হিন্দুত্বের মুখ নন , শাহরুখের ‘ বাজার না থাকায়, তৃণমূল সৌরভকে ব্যবহার করে বৈতরণী পার হতে চাইছে ঠিকই। এই বৈতরণী ২০২৪ সালের ভোটের বৈতরণী, তাও বলেছেন দিলীপ ঘোষ। এতে তৃণমূলের বিশেষ লাভ হবে বলে মনে করেন না বিজেপির শীর্ষ নেতা দিলীপ ঘোষ কারণ দিলীপ ঘোষ সন্দীহান হিন্দুরা তাঁকে হিন্দু হিসেবে ভোট দেবে কিনা! বঙ্গের ভোটও যে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে হয়, অন্তত বিজেপির শীর্ষ নেতৃত্ব তাই মনে করে, তার প্রকাশ দিলীপ ঘোষের বক্তব্যে।

About Post Author