Home » আর ফুটবল আঙিনায় দেখা যাবে না মারিয়া ম্যাজিক, ফুটবলকে বিদায় জানালেন মেসির সতীর্থ

আর ফুটবল আঙিনায় দেখা যাবে না মারিয়া ম্যাজিক, ফুটবলকে বিদায় জানালেন মেসির সতীর্থ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ নভেম্বর: গুঞ্জন আগেই শোনা গিয়েছিল। সেই গুঞ্জনে এবার সিলমোহর দিলেন আর্জেন্টিনার তারকা অ্যাঞ্জেল দি মারিয়া। কোপা অ্যামেরিকা শেষ হলেই ফুটবল আঙিনাকে বিদায় জানাবেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদস্য। বৃহস্পতিবার নিজের সমাজ মাধ্যমে পোস্ট করে নিজেই এই কথা জানিয়েছেন মেসির সতীর্থ দি মারিয়া। 

আরও পড়ুন    রোনাল্ডোর ডায়েট প্রস্তুত করেন নাসার বিজ্ঞানীরা, রাজার মন্তব্যে শোরগোল

আর্জেন্টিনা ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অ্যাঞ্জেল দি মারিয়া। লা আলবিসেলেস্তেদের সাম্প্রতিক সাফল্যে তাঁর অবদান অনস্বীকার্য। ফুটবল বিশ্বে তিনি অন্যতম সৌভাগ্যবান ফুটবলার বলেই পরিচিত। কারণ এই প্রজন্মের দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ হিসেবে খেলা ফুটবলারদের মধ্যে তিনি অন্যতম। আবার অনেকে তাঁকে বলে থাকেন বড় ম্যাচের ফুটবলার। কারণ নকআউট পর্বে কথা বলে তাঁর বাঁ পা। এবার এহেন ফুটবল চরিত্র ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা করে দিলেন।

নিজের সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, “কোপা আমেরিকাতেই আর্জেন্টিনার হয়ে শেষবারের মত জার্সি পরব। বুকে পাথর চাপা দিয়ে খুব বেদনার সঙ্গে এই কথাগুলি আমাকে বলতে হচ্ছে। কিন্তু আমি মনে করি আমার জীবনের অন্যতম সেরা উপহারকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়। আমি এই খেলাটিকে নিয়ে গর্ববোধ করি। এটা আমার কাছে ভালোবাসা। সমর্থক, পরিবার, বন্ধু, সতীর্থ সবাইকে ধন্যবাদ।”

২০০৮ সালে দেশের জার্সিতে অভিষেক হয় দি মারিয়ার। ২০১০ বিশ্বকাপের বাছাইপর্বের খেলা দিয়ে আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় পা রাখেন। এরপর দেশের জার্সিতে ১৫ বছর চুটিয়ে খেলেছেন। আলবিসেলেস্তেদের হয়ে ১৩২ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। গোল করেছেন ২৯ টি। কোপা আমেরিকা ও ফুটবল বিশ্বকাপ জিতেছেন দেশের হয়ে। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে জয়সূচক গোলটি এসেছিল তাঁর পা থেকে। সেদিন ম্যাচের পুরো ১২০ মিনিট মাঠে দাপিয়ে বেরিয়েছিলেন মারিয়া। ২০২২ ফাইনালিসিমায়ও গোল করেন তিনি। তবে এবার দেশের জার্সিকে আলবিদা জানালেন আর্জেন্টিনা সমর্থকদের ভালোবাসার অ্যাঞ্জেলিতো।

About Post Author