সময় কলকাতা ডেস্ক, ২৬ নভেম্বর: তাপমাত্রা ক্রমশই নিম্নমুখী হতে শুরু করেছে। শীতের আমেজ জেলায় জেলায়। ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীত পড়বে বাংলায়। তারই মধ্যে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ভ্রূকুটি। দক্ষিণ থাইল্যান্ড সাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার কারণে সোমবার অর্থাৎ আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস। নিম্নচাপের অভিমুখ হল অন্ধ্রপ্রদেশ উপকূল। এদিন বিকেলের মধ্যে তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ বাড়বে। যদিও উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাব তেমন পড়বে না বলেই জানা গিয়েছে। আপাতত উত্তরবঙ্গে থাকবে শীতের আমেজ।
আরও পড়ুন প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি ম্যাঞ্চেস্টার সিটি ও লিভারপুলের
হাওয়া অফিস সূত্রের খবর, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শহরজুড়ে উত্তুরে হাওয়ার আমেজ। সোমবার কলকাতার আকাশ দিনভর মেঘলাই থাকবে। বেলা গড়াতেই ঠাণ্ডার পরিমাণ বাড়বে। এদিকে ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৮ থেকে ৭২ শতাংশ।
পূর্বাভাস বলছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নভেম্বরের শেষ দিকে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, লাক্ষাদ্বীপে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কঙ্কন ও গোয়া উপকূল, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা চলতি সপ্তাহে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং দক্ষিণ কর্নাটকে ও কেরালায় সোমবার বৃষ্টি হবে। এদিকে, মঙ্গলবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।


More Stories
গ্রেফতার সুশান্ত ঘোষ
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ