সময় কলকাতা ডেস্ক, ২৬ নভেম্বর: ডিভিশন বেঞ্চে ধাক্কা রাজ্যের! দীর্ঘ আইনি লড়াইয়ের পর শেষমেশ ২৯ নভেম্বর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা হচ্ছে বিজেপির। রাজ্যে সরকারের আপত্তি কার্যত উড়িয়ে দিয়ে বিজেপির জনসভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সভায় যোগ দিতে কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই শাহের সভার সময়সূচি প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, ২৯ নভেম্বর, বুধবার ওই সভায় যোগ দিতে কলকাতায় আসবেন অমিত শাহ। এরপর এদিন সন্ধ্যাতেই ফিরে যাবেন দিল্লি। বুধবার সকালে ভারতীয় বায়ুসেনার বিমানে কলকাতায় আসবেন অমিত শাহ। ১১টা ৫ মিনিটে দিল্লি থেকে উড়বে তাঁর বিশেষ বিমান। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে তা পৌঁছবে বেলা সওয়া ১টা নাগাদ।
আরও পড়ুন এভারটনের বিরুদ্ধে তিন গোলে জিতল ম্যানচেস্টার ইউনাইটেড
কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রেসকোর্সের রয়্যাল ক্যালকাটা টার্ফ কোর্সে নামবেন তিনি। সেখান থেকে তিনি গাড়ি করে আসবেন ধর্মতলায় বিজেপির সভা মঞ্চে। পৌনে ২টো নাগাদ সভামঞ্চে পৌঁছনোর কথা রয়েছে তাঁর। ধর্মতলার প্রতিবাদ সভায় ৩টে ১৫ মিনিট পর্যন্ত থাকার কথা শাহের। সভায় বক্তৃতা সেরে ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এরপর ৩টে ৪৫ মিনিটে তাঁর বিমান দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লিতে পৌঁছে যাবেন তিনি। অমিত শাহর সভায় থাকবে ত্রিস্তরীয় মঞ্চ। এই ভিক্টোরিয়া হাউসের সামনেই একুশে জুলাই ‘শহিদ দিবস’ পালন করে থাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আবার সেখানেই প্রায় ৯ বছর পর বক্তব্য রাখতে চলেছেন অমিত শাহ।
সূত্রের খবর, রবিবার সকাল থেকেই সমাবেশের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যে জায়গায় মঞ্চ বাঁধা হবে, ঠিক সেখানেই আয়োজন করা হয় খুঁটিপুজোর। উপস্থিত ছিলেন দুই রাজ্য সম্পাদক অগ্নিমিত্রা পাল ও জগন্নাথ চট্টোপাধ্যায় এবং সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। সেখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মীদের আনতে বেশ কয়েকটি ট্রেন ভাড়া করা হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির সভার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এহেন পরিস্থিতিতে বিজেপির সভা নিয়ে জটিলতা বেড়েই সেসময় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সভার অনুমতি দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য সরকার। তবে, রাজ্য সরকাররে আপত্তি কার্যত উড়িয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকেই বহাল রাখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস