Home » নিম্নচাপের ভ্রূকুটি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপের ভ্রূকুটি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক, ৩ ডিসেম্বরঃ বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি। ক্রমশ মাথাচাড়া দিচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। অন্ধ্রপ্রদেশ থেকে ওডিশার মধ্যে কোনও জায়গায় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে। আন্দামান সাগরে তৈরি নিম্নচাপটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ক্রমশ এগোচ্ছে। রবিবারর মধ্যে তা ভারী থেকে অতিভারী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদিও সাইক্লোনের কোনও প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে কিনা তা এখনই বলা সম্ভব নয়। এই নিম্নচাপের অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে হতে চলেছে। এই গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যে হাওয়া বদল হয়েছে। রবিবার রাতের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে অতি-গভীর নিম্নচাপ। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ বাড়বে। যদিও উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাব তেমন পড়বে না বলেই জানা গিয়েছে। আপাতত উত্তরবঙ্গে থাকবে শীতের আমেজ।

আরও পড়ুন   তেলেঙ্গানায় কংগ্রেস, মধ্যপ্রদেশ-রাজস্থানে বিজেপি এগিয়ে, জোর টক্কর ছত্রিশগড়ে

হাওয়া অফিস সূত্রের খবর, এই সাইক্লোনের ফলে রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশে বাধাপ্রাপ্ত হচ্ছে। শীতের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শহরজুড়ে উত্তুরে হাওয়ার আমেজ। আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে, ডিসেম্বরে কলকাতা ও সংলগ্ন এলাকার রাতের তাপমাত্রা থাকে গড়ে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকে গড়ে ২৬.৭ ডিগ্রি।রবিবার কলকাতার আকাশ দিনভর মেঘলাই থাকবে। ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৯ থেকে ৮৭ শতাংশ।

 

পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড়ের কারণে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। ৪ ডিসেম্বর থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে। ওড়িশার উপকূলবর্তী জেলাগুলোয় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, লাক্ষাদ্বীপে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কঙ্কন ও গোয়া উপকূল, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা চলতি সপ্তাহে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং দক্ষিণ কর্নাটকে ও কেরালায় বৃষ্টি হবে। নভেম্বরের শেষ দিকে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা।

About Post Author