Home » ডিসেম্বরে দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

ডিসেম্বরে দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ৯ ডিসেম্বরঃ ডিসেম্বরে চারদিনের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীঘ্রই সাক্ষাৎ হতে পারে মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ১৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতেই থাকবে মমতা। এদিকে, আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় গীতাপাঠের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। সেখানে উপস্থিত থাকতে পারেন তিনি। তার আগেই দিল্লিতে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা মমতা-মোদীর। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি শরিকদের সঙ্গে আলাদা আলাদা করেও সাক্ষাৎ করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা। আগামী ১৮, ১৯, ২০ ডিসেম্বর এই জোটের বৈঠক ডাকা হয়েছে। আগামী লোকসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। আসন সমঝোতা নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে। আগামী ২১ তারিখ কলকাতায় ফিরবেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন    OPTICALILLUSION: ৯৯ শতাংশ মানুয পারবে না নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, ‘কেন্দ্র রাজ্য সরকারকে কার্যত আর্থিক অবরোধের মুখে ফেলেছে। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না, বাংলার বাড়ির টাকা দিচ্ছে না, স্বাস্থ্য মিশনের টাকা দিচ্ছে না। আমরা ওদের টাকা চাইছি না। বাংলার প্রাপ্য টাকার ভাগ চাইছি। সেটাও দিচ্ছে না। এসব নিয়ে কথা বলতে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবো।’ জোটের বাইরে গিয়েও মমতা অন্যান্য বিজেপি বিরোধী অকংগ্রেসি আঞ্চলিক দলগুলির সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন বলে বিশেষজ্ঞদের মত। বর্তমানে পাহাড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফিরেই তাঁর দিল্লি যাওয়ার প্রস্তুতি শুরু হবে। গত বুধবারই সাত দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সফরের মাঝে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে অধিকাংশই সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান। লোকসভা ভোটের আগে এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষক মহলের একাংশ। মুখ্যমন্ত্রীর সফরকালে উত্তরবঙ্গে বিজনেস সামিটেরও আয়োজন করা হয়েছে।

 

সূত্রের খবর, বিশ্ব বঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলন এবং তারপরে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আইটি হাব করার জন্য আইটি দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি তথা আইপিএস রাজীব কুমারকে একটি খসড়া করার নির্দেশ দিয়েছিলেন। বিজিবিএস-এ বক্তব্য রাখার সময় উত্তরবঙ্গে আইটি হাব গড়ার ইচ্ছা একাধিক বার উঠে এসেছিল মুখ্যমন্ত্রীর কথায়। শিল্পপতিদের এ জন্য আহ্বানও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ধূপগুড়ি উপনির্বাচনে জয়ের পর এটাই মমতার প্রথম উত্তরবঙ্গ সফর। সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে শাসক দল। রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরেই রাজনীতিতে বড় চমক দেখা যেতে পারে। কেননা অন্যান্য দলের কিছু তাবড় নেতাদের মধ্যে দল ছেড়ে কেউ কেউ নাম লেখাতে পারেন তৃণমূলে।

About Post Author