Home » সাইকার ৩ উইকেট, নিয়মরক্ষার ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ভারতের

সাইকার ৩ উইকেট, নিয়মরক্ষার ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ ডিসেম্বর: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জয় ভারতের। রবিবার ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারালেন বাংলার মেয়েরা। প্রথমে ব্যাট করে ১২৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। নজর কাড়লেন বাংলার স্পিনার সাইকা ইশাক। এক ওভার বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত। তিন ম্যাচের সিরিজে প্রথম দুটি ম্যাচে হারতে হয়েছিল হরমনপ্রীত কউরদের। ফলে এই ম্যাচটি ছিল নিয়মরক্ষার। সেই ম্যাচে জিতে সিরিজ শেষ করলেন তাঁরা।

সিরিজের প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল। এই ম্যাচে হারলে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হতে হত ভারতকে। হরমনপ্রীতদের কাছে এই ম্যাচ ছিল মান রক্ষার লড়াই। অপরদিকে আগেই সিরিজের দখল নেওয়ায় ইংল্যান্ডের কাছে ম্যাচটি ছিল নিয়মরক্ষার। সেই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ব্যর্থ হন তাদের দুই ওপেনার। তাঁদের দু’জনকেই ফেরান রেণুকা সিং। ইংল্যান্ডের বাকি ব্যাটিং অর্ডারে ধস নামান আমানজ্যোত কউর, শ্রেয়াঙ্কা পাটিল ও বাংলার সাইকা ইসাক। সাইকা ও শ্রেয়াঙ্কা দুজনে নিলেন ৩ টি করে উইকেট। আমানজ্যোত ও রেণুকা নিয়েছেন ২ টি করে উইকেট। ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ১২৬ রানে। তাদের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক হেথার নাইট। ৫২ রান করে ব্যাট হাতে দলের মুখ রক্ষা করেন ইংলিশ অধিনায়ক।   তাকে কিছুটা সঙ্গ দেন অ্যামি জোনস। তার অবদান ২৫ রান। এই দুজন ছাড়া আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি।

আরও পড়ুন: EPL2023-24: সালাহর ২০০ গোলের দিনে পিছিয়ে পড়েও দুরন্ত জয় লিভারপুলের, ঘরের মাঠে বিপর্যস্ত ইউনাইটেড

ইংল্যান্ডের দেওয়া ১২৭ রানের লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। তৃতীয় ওভারে আউট হন শেফালি বর্মা। দ্বিতীয় ম্যাচের পর এই ম্যাচেও রান পেলেন না তিনি। ফিরলেন ৬ রানে। এরপর স্মৃতি মন্ধানার সঙ্গে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান জেমাইমা রদ্রিগেজ। দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন তারা। স্মৃতি করেন ৪৮ রান। ৫ টি চার ও ২ টি ছয় মারেন তিনি। জেমাইমার ব্যাট থেকে আসে ২৯ রান। চার নম্বরে নেমে ১২ রান করেন দীপ্তি শর্মা। তিনি ফিরলে দলের জয় নিশ্চিত করেন হরমনপ্রীত কউর ও আমনজ্যোৎ কউর। ৪ বলে ১০ রান করে অপরাজিত থাকেন অমনজ্যোত। উল্টোদিকে ৬ রান করে অপরাজিত থেকে যান ভারত অধিনায়ক।

About Post Author