Home » ডিমের কারি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কোলাপুরি এগ কারি

ডিমের কারি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কোলাপুরি এগ কারি

সময় কলকাতা ডেস্ক, ১৩ ডিসেম্বর: বাড়িতে সবসময় চিকেন বা মটনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন ডিমের একটি অচেনা পদ। ডিমের রান্নায় ভিন্ন স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন কোলাপুরি এগ কারি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন কোলাপুরি এগ কারি। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই কোলাপুরি এগ কারি খেলে আর ভুলতে পারবেন না। কোলাপুরি এগ কারি বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-  

আরও পড়ুন   কাজু বা কিশমিশ নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন চিকেন কাবুলি পোলাও

উপকরণ
সেদ্ধ ডিম- ৫টি
জিরা গুঁড়ো- ১ চা চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
কুচি কুচি করে কাটা পেঁয়াজ- ৪টি
ধনে গুঁড়ো- ১ চা চামচ
মৌরি- ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
তেজপাতা- ৩টি
হলুদ- ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- দেড় চা চামচ
গোলমরিচের গুঁড়ো- হাফ চা চামচ
কারিপাতা- ১০ থেকে ১২টি
টমেটো বাটা- ৩ টেবিল চামচ
গরম মশলা- ১ চা চামচ
নুন- স্বাদমতো
ধনে পাতা কুচি- হাফ কাপ

রন্ধন প্রণালী
প্রথমেই ডিম হালকা ভেজে তুলে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে মৌরি, তেজপাতা এবং জিরা ফোঁড়ন দিয়ে পেঁয়াজগুলি ভেজে নিন। পেয়াজ পুরো ভাজা হয়ে এলে তাতে সব মশলা দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো, আদা এবং রসুন বাটা দিয়ে আবার কষাতে থাকুন। এবার আদা ও পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে ডিম দিয়ে দিন। বেশি কিছুক্ষণ ধরে কষান। এরপর গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো, কারিপাতা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিন। কুড়ি মিনিটের মত ঢেকে দিয়ে সেদ্ধ হতে দিন। তেল ছাড়তে শুরু করলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস তৈরি এগ কোলাপুরি। পোলাও, রুটি, কিংবা নানের সঙ্গে একেবারে জমে যাবে ডিমের এই পদ।

About Post Author