Home » পৌষ সংক্রান্তির আগেই স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন গোলাপ পিঠে

পৌষ সংক্রান্তির আগেই স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন গোলাপ পিঠে

সময় কলকাতা ডেস্ক, ১৯ ডিসেম্বর: শীতকাল মানেই পিঠেপুলি। পিঠেপুলি ছাড়া যেন শীতকাল অসম্পূর্ণ থেকে যায়। পিঠে মানেই কি শুধু পাটিসাপটা? সেই দস্তর ভেঙে এবার পাতে পড়ুক গোলাপ পিঠে। চেনা পদের অচেনা বদল দেখতে বানিয়ে ফেলুন গোলাপ পিঠে। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই শীতকালে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন গোলাপ পিঠে। গোলাপ পিঠের সঙ্গে একেবারে জমে যাবে শীতকালীন সন্ধ্যার আড্ডা। গোলাপ পিঠে বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন       ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

উপকরণ
ময়দা: ২ কাপ
ঘি: ১ টেবিল চামচ
নুন: স্বাদ মতো
সাদা তেল: ১ কাপ
চিনি: ২ কাপ
এলাচ: ৩টি
দুধ: ১ কাপ
চালের গুঁড়ো: আধ কাপ
গোলাপ জল: ২ চা চামচ

রন্ধন পদ্ধতি 
প্রথমেই ময়দায় চালের গুঁড়ো, নুন, চিনি ও ঘি মিশিয়ে ভালো করে ময়ান দিন। এবার উষ্ণ গরম দুধ দিয়ে মণ্ড তৈরি করে সেটি কেটে বল তৈরি করে পাতলা রুটি বেলে নিন। রুটি থেকে সমান মাপের ছ’টি গোল টুকরো কেটে নিন। এই গোল টুকরো একটির উপরে আর একটি রাখুন। এই ছ’টি স্তরের রুটি একসঙ্গে রোল করে নিন। রোল মাঝখান থেকে ছুরি দিয়ে কাটুন। কাটার জায়গা হাতের চাপে জুড়ে নিন। এবার গোলাপের পাপড়ির মতো খুলে দিন। এবার কড়াইয়ে তেল দিয়ে গ্যাসের আঁচ জ্বালিয়ে দিন। যতক্ষণ না পিঠের রং সোনালি হয়, ততক্ষণ গরম তেলে তা ভাজুন। অন্য একটি পাত্রে গরম জলে চিনি, এলাচ, দারচিনি দিয়ে ফুটিয়ে রস বানান। নামিয়ে গোলাপ জল দিন। এতে পিঠে ডুবিয়ে রাখুন। ব্যস তৈরি গোলাপ পিঠে।

About Post Author