Home » বড়দিন আর নিউইয়ারে বাঙালির কেক ও অনামী বেকারি শিল্পের দুঃসময়

বড়দিন আর নিউইয়ারে বাঙালির কেক ও অনামী বেকারি শিল্পের দুঃসময়

অর্কজ্যোতি ব্যানার্জী ও সুজয় ভট্টাচার্য, সময় কলকাতা , ২৪ ডিসেম্বর : বাঙালির কাছে বড়দিন ও নিউ ইয়ার উদযাপন মানেই চার্চে যাওয়া, বনভোজন, ঘুরতে বেরিয়ে পড়া আর কেক খাওয়া। ডিসেম্বর মাসের শেষ দিকে কেক বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু কেক যারা প্রস্তুত করে থাকে – সময়ের সঙ্গে সঙ্গে সেই বেকারিগুলির অবস্থাও পাল্টাচ্ছে। পাল্টেছে ছবি। কেক পার্লার ও কেকের বড় দোকানে তো বটেই,ব্র্যান্ডেড বেকারির কেক শোভা পাচ্ছে ফুটপাতে এবং ছোটখাটো দোকানগুলির সামনে। আর ছোটখাটো বেকারি গুলি যারা যুগ যুগ ধরে বাঙালির অন্দরমহলে ও ঘরোয়া আড্ডায় দাপিয়ে রাজত্ব করে এসেছে বড়দিন ও নিউ ইয়ারস-এর সময়, তাদের কপালে এখন চিন্তার ভাঁজ গভীর থেকে গভীরতর হয়ে চলেছে।

কথায় আছে কারও পৌষ মাস, কারও সর্বনাশ। বাঙালির বড় দিন ও নিউ ইয়ার উদযাপনের আগে অনামি বেকারী গুলির মালিক ও কর্মচারীদের মুখে হাসি নেই, আর বঙ্গের কোণে কোণে বড়দিনের বা ইংরেজি নতুন বছরের আগে দাপিয়ে রাজত্ব করছে নামিদামি কোম্পানি বা বেকারির সুদৃশ্য কেক। দিন সত্যি বদলেছে। এতদিন ধরে বর্ষশেষে ও বড়দিনের সময় বাঙালির ঘরে ঘরে পৌঁছে যেত যে বেকারিগুলির কেক তারা এখন অস্তিত্বের সংকটে ভুগছে। আর এখন যোগানের জন্য তাগাদা নেই ছোট বেকারিগুলিতে। বড়দিনের মত সময়ে প্রায় কর্মহীন দিন তাদের।

বড়দিন ও নিউ ইয়ারে মানুষ ইদানীং আর পাতলা কাগজের মোড়কে ঘরের পাশের বেকারির কেকের ওপরে ভরসা করে না বড়দিনে বা নতুন বছরে। কেন এই পালাবদল? এখন যারা বড়দিনে কেক কিনতে দোকানে যাচ্ছেন, তাঁরাই যুক্তিযুক্ত ভাবে মিয়া আমোরে, বিস্কফার্ম বা সুগার এন্ড স্পাইস প্রভৃতি হেভিওয়েট কোম্পানির কেকের উত্থান ও বাঙালির অতি-পরিচিত বেকারির পতনের কারণ ব্যখ্যা করছেন। এখানে জড়িয়ে আছে, নামী কোম্পানির সৌজন্যে ফ্রুট, চকোলেট বা এগলেস কেক সহ বিভিন্ন রকম বিভিন্ন দামের কেকের বাজার ধরে নেওয়া এবং আধুনিক মানুষের স্বাস্থ্য সচেতনতা।

বড়দিন, নিউইয়ার এবং বেকারির দিনবদলের কাহিনী যাই হোক না কেন, হাঁড়ির হাল ছোটখাটো অনামী বেকারির। প্রাচীন সময় থেকে চলে আসা গ্রাম গঞ্জ শহরের ছোট ছোট বেকারি বাড়তি লাভের আশায় সারা বছর তাকিয়ে থাকত বড়দিনের দিকে, নতুন বছরের দিকে। সময়ের সাথে সাথে তারা যেন অন্তিম শ্বাস নিচ্ছে। বড়দিনে কেকের বাজারে সর্বত্র জায়গা করে নিয়েছে সুদৃশ্য মোড়কে নামী কোম্পানির কেক।।

About Post Author