Home » পথকুকুরদের একটু উষ্ণতার জন্য

পথকুকুরদের একটু উষ্ণতার জন্য

সুদীপ ঘোষ, সময় কলকাতা, ২৫ ডিসেম্বর : মানুষের সঙ্গে কুকুরের ভালোবাসার কাহিনী আদিঅন্তহীন। নোরা রবার্টস লিখেছেন,আমি যা জানি আমি কুকুরের কাছে শিখেছি  তাই মানুষও উষ্ণতার হাত বাড়িয়ে দেয় কুকুরদের জন্য।

এবার এরকম এক কাহিনী আবার জন্ম নিল বারাসাতে।শীতের মরশুমে বড়দিনে ভালোবাসার উপহার পেল পথকুকুররাও, পেল উষ্ণতা । ঠান্ডা থেকে বাঁচতে নতুন ঘর হল ওদের। বারাসাতে এমনই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল এক স্বেচ্ছাসেবী সংগঠনকে ।

এখন থেকে এই ঘরেই থাকবে ওরা, ফলে ঠান্ডার হাত থেকে মিলবেও রক্ষা। আগামী দিনে পথ ও কুকুরদের জন্য এমন উদ্যোগ জেলার অন্যত্র নেওয়া হবে বলেও জানালেন পশুপ্রেমিরা।মাঝে মধ্যেই রাস্তায় চলা ফেরা করার সময় দুর্ঘটনার কবলে পড়ে পথ কুকুররা। এর ফলে প্রায়ই মৃত্যু হয় পথ কুকুর বা তাদের ছানাদের। আবার অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়ে রাস্তাতেই পরে থাকে অনেক কুকুর। তাদের দেখাশোনার কোনও লোক থাকে না। এই পরিস্থিতিতে পথ কুকুরদের নিয়ে কাজ করা এই সংস্থা এবার ঘর তৈরি করার কাজ শুরু করল। যেখানে পথ কুকুরদের রাখার ব্যবস্থার পাশাপাশি, খাবারের ব্যাবস্থা করা হবে। এর ফলে দুর্ঘটনায় কুকুরের মৃত্যু অনেকটাই কমবে বলে মনে করছেন পশু প্রেমীরা। নিরীহ প্রাণীগুলোকে বাঁচানো যাবে বলে আশা তাঁদের। পাশাপাশি এই কনকনে শীতের হাত থেকেও রক্ষা পাবে তারা। বড়দিনের সকালে বারাসাত থানায় এই পথ কুকুরদের ঘরের ফিতে কেটে উদ্বোধন করলেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনি মুখার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভ্র সান্যাল, ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দরা।  অশনি মুখার্জি জানান, কুকুর কথা বলতে পারে না কিন্তু মানুষের বিপদে ওরা পাশে থাকে। বড়দিনের সবাই যখন আনন্দ করছে ওরাও তখন আনন্দ করবে। ওরা হয়তো বলতে পারেনা, রয়েছে মস্তিষ্কের গঠনগত তফাৎ কিন্তু বাকিটা সবই এক। ওরাও বারাসাতের ভালো চায় আর সেই ভালো চাওয়ার অংশীদার হিসাবে আমিও তাদের একজন ।আমি গর্ববোধ করি আমার শহরে ও এরকম স্বেচ্ছাসেবী সংগঠন আছে সেই সংগঠন সংখ্যায় আরো বাড়ুক।পৃথিবী সুন্দর হোক পৃথিবী ভালো হোক।

About Post Author