Home » করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে কলকাতায় বৃদ্ধের মৃত্যু

করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে কলকাতায় বৃদ্ধের মৃত্যু

সময় কলকাতা ডেস্ক, ২৯ ডিসেম্বর: ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। করোনার চোখ রাঙ্গানিতে কাবু গোটা দেশ। ক্রমশ মাথাচাড়া দিচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১। সাধারণ মানুষকে গ্রাস করছে করোনা আতঙ্ক! বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। সব রাজ্যের কাছে চিঠিও পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ভারতেও হু হু করে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। এবার শহর কলকাতায় করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃত বৃদ্ধের শরীরে কোভিডের জেএন.ওয়ান সাব ভ্যারিয়েন্টের নমুনা পাওয়া গিয়েছে। জানা গেছে, হৃদরোগ-সহ অন্য অসুখ‌ ছিল ওই বৃদ্ধর। এরপরই একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধ। বৃহস্পতিবারই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেসময় করোনা টেস্টও করানো হয়। এদিন বিকেলেই করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপরই এদিন রাত সাড়ে ১০টা নাগাদ মৃত্যু হয়। গত সপ্তাহেই কলকাতায় আট জন করোনা রোগীর সন্ধান মিলেছিল। এমনকী সেই তালিকায় ছিল ছ’মাসের এক শিশুও। তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। তাতে অবশ্য নয়া ভ্যারিয়েন্ট জেএন.১-র নমুনা পাওয়া যায়নি। শহরের একাধিক সরকারি, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

আরও পড়ুন   এবার শিয়ালদহ-হাওড়া স্টেশন থেকেই মিলবে এসি লোকাল ট্রেন, জেনে নিন টিকিটের দাম

রাজ্যের স্বাস্থ্যভসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন,‘ বেলেঘাটা আইডি এবং এমআর বাঙুরের আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। দুটি হাসপাতালে ৩৩ ও ৩০টি শয্যা বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্যকমন্ত্রকের নির্দেশে দুটি হাসপাতালেই মকড্রিল হয়েছে। সিসিইউ, আইসিইউ শয্যা , মেডিক্যাল অক্সিজেন পাইপ লাইন পরীক্ষা, সবকিছুরই ব্যাবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত করোনার এই সাব ভ্যারিয়েন্টে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০০০। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৭৯৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। তাঁদের মধ্যে দু’জন কেরলের বাসিন্দা। এ ছাড়া, মহারাষ্ট্র, পুদুচেরি এবং তামিলনাড়ু থেকে এক জন করে বৃহস্পতিবার করোনার কারণে মারা গিয়েছেন। এখনও পর্যন্ত নয়টি রাজ্যে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। কেরল, মহারাষ্ট্র, গোয়া- এই তিন রাজ্যে জেএন.১-এ আক্রান্ত ব্যক্তিদের খোঁজ পাওয়া গিয়েছে। কেরলে পাঁচজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই রাজ্যগুলিকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

 

ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে কোভিড পরিস্থিতির উপর নজরদারির যে গাইডলাইন রয়েছে, তা মেনে চলার জন্য বলা হয়েছে। ইনফ্লুয়েঞ্জার মতো কোনও অসুস্থতা বা শ্বাসজনিত কোনও অসুস্থতার উপর জেলাস্তরে নজরদারি আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। সেই তথ্য নিয়মিতভাবে ইন্টিগ্রেটেড হেল্থ ইনফরমেশন পোর্টালে তোলার জন্য বলা হয়েছে। জেলাস্তরে যাতে নির্দিষ্ট অনুমাতে আরটি-পিসিআর ও অ্যান্টিজেন টেস্ট হয়, সেই পরামর্শও দেওয়া হয়েছে। বিশেষ জোর দিতে বলা হয়েছে আরটিপিসিআর পরীক্ষার উপর। কোনও নমুনায় করোনার সংক্রমণ ধরা পড়লে, সেটি সঙ্গে সঙ্গে জিনোম সিকোয়েন্সিং-এর জন্য বলা হয়েছে। যাতে কোনও নতুন ভ্যারিয়েন্ট ঢুকে পড়েছে কি না, তা আগে ভাগে শনাক্ত করা যায়। প্রতিটি সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে কি না, তাও দেখে নিতে বলা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়ানোর পরামর্শও দিয়েছে কেন্দ্র।

About Post Author