সময় কলকাতা ডেস্ক, ২৯ ডিসেম্বর: নতুন বছরের শুরুতেই রেশন ধর্মঘটের সিদ্ধান্ত রেশন ডিলারদের। একাধিক দাবিতে ২০২৪ সালের প্রথম দিন থেকেই লাগাতার রেশন ধর্মঘটে যেতে চলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার অ্যাসোসিয়েশন। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেশন বনধ্-এর দাবি করেছেন রেশন ডিলাররা। এই রেশন ধর্মঘটের ফলে ভোগান্তির মুখে পড়বেন দেশের ৮০ কোটি ৩৫ লক্ষ রেশন উপভোক্তা। জানা গিয়েছে, ২০২৪-এর ২ জানুয়ারি থেকে সেই বনধ্ শুরু হবে। তার আগে আজ শুক্রবার ধর্মতলায় খাদ্য ভবনের সামনে সকাল ১১টা ধরনা শুরু করেছেন রেশন ডিলাররা। বিকাল ৪টে পর্যন্ত এই কর্মসূচি চলবে।
আরও পড়ুন এবার শিয়ালদহ-হাওড়া স্টেশন থেকেই মিলবে এসি লোকাল ট্রেন, জেনে নিন টিকিটের দাম
পাশাপাশি ১৬ জানুয়ারি মঙ্গলবার দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশও রয়েছে। প্রায় ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ডিলাররা। তাঁদের দাবি একটাই অগ্রিম কমিশন। তা না মানা হলে ধর্মঘট চলবে বলেই হুঁশিয়ারি রেশন ডিলারদের। যদিও রেশন ডিলারদের কোনও সুপারিশ কার্যকর করেনি কেন্দ্রীয় সরকার। ই–পস মেশিনের স্টক নিয়ে নানা সমস্যা রয়েছে বলেও অভিযোগ। প্রত্যেক মাসের শুরুতে বরাদ্দ তালিকা ই–পস পদ্ধতিতে তালিকা আকারে প্রকাশ করা হচ্ছে। অথচ তা ডিলারের কাছে পৌঁছতেই পারছে না। এই নিয়ে টানাপোড়েন চলছে। কারণ যে তালিকা প্রকাশ হচ্ছে, তাতে বিস্তর গড়মিল আছে। এই সমস্যা নিয়ে বারবার বললেও কোনও সুরাহা মেলেনি বলেই অভিযোগ।
এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর অভিযোগ, ১৭ তারিখ যে স্টক নিয়ে দোকান বন্ধ করা হয়েছে, পরদিন সেই স্টক বেড়ে গিয়েছে। এদিকে এই গরমিলের জন্য রেশন দোকানকে ফাইন করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে বলেও জানান বিশ্বম্ভর বসু। তিনি বলেন, আমাদের চেষ্টা তো করতে হবে। বারবার ডেপুটেশন দিয়ে তো কাজ হল না। দেশে ১৪০ কোটি মানুষের মধ্যে ৮০ কোটি লোক রেশনের আওতায় আছেন। ৬০ কোটি লোক রেশনের আওতার বাইরে। আমাদের পকেট থেকে টাকা দিয়ে রেশন ব্যবস্থা চালাতে হচ্ছে। মাসের পর মাস, বছরের পর বছর তা সম্ভব নয়। রাজ্য সরকার কেন্দ্র সরকারকে জানিয়েছি। সুরাহা কিছুই মেলেনি। তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনের পথে নেমেছি।‘


More Stories
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন