Home » আবার চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ দুর্গাপুর মহকুমা হাসপাতালে

আবার চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ দুর্গাপুর মহকুমা হাসপাতালে

অনসূয়া সিনহা, দুর্গাপুর, সময় কলকাতা,৫ জানুয়ারি : দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ। মৃতার দেহ সামনে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাল এলাকাবাসী। মৃত প্রসূতির নাম চুমকি বাউরী (২৭)। মৃতা দুর্গাপুরের নাগার্জুন এলাকার বাসিন্দা।এই মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠল নাগার্জুন এলাকা।

বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতলে ভর্তি হন দুর্গাপুর থানার নাগার্জুনের চুমকি বাগদি। অস্ত্রোপচারের পর কন্যা সন্তানের জন্ম দেন চুমকি দেবী। চুমকি দেবীর স্বামী বাবু বাউড়ির অভিযোগ, সন্তান ভালো আছে জানানো হলেও চুমকিদেবী কেমন আছেন তা হাসপাতালের তরফ থেকে জানানো হয়নি। আচমকাই শুক্রবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ মারফত তাঁকে জানান তাঁর স্ত্রী মারা গেছে। তারপরেই মহকুমা হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়েন আত্মীয় পরিজন ও পরিবার পরিজন।

অভিযোগ, পুলিশ হুমকি দিয়ে সেখান থেকে দেহ বের করে নিয়ে দাহ করার কথা জানান। অতঃপর মৃতদেহ নিয়ে নাগার্জুন বস্তিতে বিক্ষোভ শুরু করে দেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেন তাঁরা। প্রবল উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁরা সাফ জানিয়েছেন কি কারনে মৃত্যু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানাননি। যতক্ষণ না পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাঁরা এভাবেই পুলিশকে আটকে রেখে বিক্ষোভ চালিয়ে যাবেন বলেই তারা দাবি করেন।  অবশেষে সুনির্দিষ্ট আশ্বাসে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয়।

প্রসঙ্গত, বছর শেষে ডিসেম্বর মাসের ২৯ তারিখ দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতেই বছর ১৯-এর প্রসূতি সানি তুড়ির মৃত্যু হয়েছিল এমন অভিযোগই উঠেছিল। কয়েকদিনের মধ্যে আবার,চলতি বছরের শুরুতেই, এক প্রসূতির মৃত্যুকে ঘিরে অভিযোগ। স্বাভাবিকভাবেই বিতর্কের কেন্দ্রবিন্দু থেকে সরছে না দুর্গাপুর মহকুমা হাসপাতাল। বারবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠছে, ক্ষোভও বেড়ে চলেছে।।

আরও পড়ুনচিতাবাঘ শাবকসহ মালবাজার এসএসবি ক্যাম্পে, সজাগ দৃষ্টি রাখছে বনদফতর

About Post Author