Home » জাগু ম্যায় সারি রয়না – সংগীতশিল্পী বিদুষী প্রভা আত্রে ঘুম থেকে আর জাগলেন না

জাগু ম্যায় সারি রয়না – সংগীতশিল্পী বিদুষী প্রভা আত্রে ঘুম থেকে আর জাগলেন না

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা,১৪ জানুয়ারি : ভালো বাবা-মা, উত্তম গুরু এবং ভালো দর্শকরাই তাঁকে আজকের প্রভা আত্রে করে তুলেছে -নিজের ৯০ বছরে দেওয়া তাঁর একটি সাক্ষাৎকারে প্রভা আত্রে এমন কিছু উপলব্ধির কথা জানিয়েছিলেন। শনিবার মুম্বাইয়ে তাঁর ছিল সংগীত অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করা হল না ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত শিল্পী প্রভা আত্রের। শনিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হলেন, ঘুম থেকে আর জাগলেন না, চলে গেলেন প্রভা আত্রে, রেখে গেলেন অসংখ্য মন্ত্রমুগ্ধ মুহূর্ত ঘিরে থাকা শ্রোতা আর “যমুনা কিনারে মোরা গাঁও”,  বা মরু বেহাগে নির্ভর “জাগু ম্যায় সারি রয়না”, “কাল নেহি আয়ে” সহ বহু অবিস্মরণীয় গান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২।

জন্মেছিলেন পুনেতে, সালটা ১৯৩২। প্রাথমিক ভাবে গানেই থাকতে হবে এরকম কিছু স্থির না থাকলেন, প্রভা আত্রে মনে করেন তাঁর ভাগ্যের লিখন ছিল গায়িকা হওয়া – আর তাই হয়েছেন শাস্ত্রীয় সংগীত বিভিন্ন দিকে ডানা মেলেছে তাঁর কণ্ঠ দিয়ে। খেয়াল, ঠুংরি, দাদরা, গজল, গীত,ভজন – সর্বত্র ছিল তাঁর অবাধ বিচরণ। গানে তিনি ছুঁয়েছিলেন আকাশ। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ  পাওয়া শিল্পীর প্রথম এলপি রেকর্ড ছিল  মরু বেহাগ ও কলাবতী রাগে।তাঁর সবচেয়ে জনপ্রিয় রাগপ্রধান গান “যমুনা কিনারে মোরা গাঁও “- গানটি শোনেন নি এরকম শাস্ত্রীয় সংগীতের অনুরাগী খুঁজে পাওয়া যাবে না। উস্তাদ রাশিদ খানের মৃত্যুর কয়েকদিনের মধ্যে প্রভা আত্রে চিরবিদায় নিলেন।  থাকল দশকের পর দশক মুগ্ধ হওয়া শ্রোতাকূল যারা প্রভা আত্রের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গেয়ে উঠবে -” জাগু ম্যায় সারি রয়না “।।

আরও পড়ুন : OPTICAL ILLUSION: ১ শতাংশ মাত্র পারবে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

About Post Author