সময় কলকাতা ডেস্ক, ২০ জানুয়ারিঃ ফের লাইনচ্যুত মালগাড়ি। শনিবার ভোরবেলা পূর্ব মেদিনীপুরের হাওড়া-খড়্গপুর শাখার নন্দাইগাজন রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ি। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ওই মালগাড়িটিকে রেল লাইন থেকে সরানোর কাজ শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। অন্যদিকে, সাত সকালে এই ঘটনার জেরে হাওড়া-খড়্গপুর শাখায় ব্যাহত রেল পরিষেবা। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে বহু লোকাল ট্রেন। যার জেরে দুর্ভোগে পড়েছেন রেল যাত্রীরা। শীতের সকালে এই মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় নানান সমস্যায় নাকাল হতে হচ্ছে হাওড়া-খড়্গপুর শাখার নিত্যযাত্রীদের।
আরও পড়ুন বিধ্বংসী অগ্নিকাণ্ড ডায়মন্ড হারবারে, ভস্মীভূত খাবারের হোটেল-সহ ১৫টিরও বেশি দোকান
তবে কীভাবে এই বিপত্তি ঘটল, সেই বিষয়টি এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেল কর্মী ও আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় লাইন থেকে মালগাড়িটিকে সরানোর কাজ। তবে এখনও পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ফলে খড়্গপুর-হাওড়া শাখা দিয়ে একটি লাইন বন্ধ রয়েছে। প্রচুর দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে রয়েছে। নিত্যযাত্রীদের পাশাপাশি সমস্যায় পড়েছেন বিভিন্ন দূরপাল্লার ট্রেন যাত্রীরাও। উল্লেখ্য, কিছুদিন আগেই মহারাষ্ট্রের কাসারা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির দুটি কামরা। ভয়াবহ দুর্ঘটনার ফলে ২০টি এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছিল। বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছিল।

জানা গিয়েছিল, মহারাষ্ট্রের কাসারা ও ইগাতপুরীর মাঝামাঝি জায়গায় আচমকাই লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির দুটি কামরা। মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ডাউন লাইন ও মিডল লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। মুম্বই থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন ও মুম্বই-আদিলাবাদ নন্দীগ্রাম এক্সপ্রেস দীর্ঘক্ষণ আটকে থাকে। সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়, দুর্ঘটনার কারণে মুম্বই-নন্দেদ এক্সপ্রেস, গোন্দিয়া এক্সপ্রেস, পঞ্জাব মেইল এক্সপ্রেস,নাগপুর দুরন্ত এক্সপ্রেস, অমরাবতী এক্সপ্রেস, মুম্বই-হাওড়া এক্সপ্রেস, শালিমার এক্সপ্রেল, বারাণসী এক্সপ্রেস, পাটলিপুত্র এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস, গোরক্ষপুর এক্সপ্রেস সহ ২০টি এক্সপ্রেস ট্রেন চলাচল ব্যহত হয়। এই ট্রেনগুলিকে অন্য রুটে পাঠানো হয়। রুট পরিবর্তনের পাশাপাশি বাতিল করা হয়, হাওড়া এক্সপ্রেস, প্রতাপগড় এক্সপ্রেস, মনমেদ পঞ্চবটী এক্সপ্রেস ও আদিলাবাদ নন্দীগ্রাম এক্সপ্রেস। এরপর রাত সাড়ে ১০টা নাগাদ মিডল লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান