Home » AUSTRALIAN OPEN: ইতালির প্রতিপক্ষকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জোকার

AUSTRALIAN OPEN: ইতালির প্রতিপক্ষকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জোকার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ জানুয়ারি: বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে অব্যাহত জোকার ম্যাজিক। অস্ট্রেলিয়ান ওপেনের (AUSTRALIAN OPEN) পুরুষদের ব্যক্তিগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। রবিবার চতুর্থ রাউন্ডে দাপটের সঙ্গে ফরাসি প্রতিযোগী আদ্রিয়ান মান্নারিনোকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন তিনি। খেলার ফল সার্বিয়ান টেনিস তারকার পক্ষে  ৬-০, ৬-০, ৬-৩। আগামী বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে তারঁ প্রতিপক্ষ মার্কিন টেনিস তারকা টেলর ফ্রিটজ।

অস্ট্রেলিয়ান ওপেন যতই এগোচ্ছে, আরও ক্ষুরধার দেখাচ্ছে বিশ্বের একনম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচকে। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের প্রথম দুই রাউন্ডে একটি করে সেটে হারতে হয়েছিল তাঁকে। তৃতীয় রাউন্ডে তিনটি সেটে জিতলেও, আর্জেন্টিনার প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ সেট জিততে বেশ কালঘাম ছুটেছিল ২৪টি গ্র্যান্ডস্লামের মালিককে। তবে চতুর্থ রাউন্ডে অনায়াসে জয় পেলেন সার্ব তারকা। হারালেন ফ্রান্সের আদ্রিয়ান মান্নারিনোকে। প্রতিযোগিতার ২০ নম্বর বাছাই মান্নারিনো জোকারকে হারিয়ে দেবেন এমনটা কেউ কল্পনাও করতে পারেনি। তবে টেনিস ভক্তরা হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় ছিলেন। তবে তাদের ফিরতে হচ্ছে নিরাশ হয়েই। কারণ রবিবার রড লেভার অ্যারেনায় জোকারের সামনে খরকুঠোর মতো উড়ে গেলেন ফরাসি টেনিস খেলোয়াড়।

আরও পড়ুন: কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গলের “মস্তানি”, মশালে পুড়ে ছাই নৌকা, মোহনবাগান হারল বড় ব্যবধানে

চতুর্থ রাউন্ডে ফরাসি প্রতিপক্ষকে শুরু থেকে চাপে রেখেছিলেন বিশ্বের একনম্বর টেনিস তারকা। সার্ব তারকার একের পর এক সার্ভিসের কোনও জবাব ছিল না মান্নারিনোর কাছে। গোটা ম্যাচে মোট ১৭ টি ‘ACE’ সার্ভিস করেছেন জোকোভিচ।  জবাবে তাঁর প্রতিপক্ষের র‌্যাকেট থেকে এসেছে মাত্র একটি ‘ACE’ সার্ভিস। এগারোটির মধ্যে সাতটি ব্রেক পয়েন্টকে নিজের পক্ষে আনতে সক্ষম হন জোকার। উল্টোদিকে মান্নারিনো তিনটি ব্রেক পয়েন্ট পেয়েও কাজে লাগাতে পারেননি। ম্যাচের প্রথম ১৩টি গেম টানা জিতে কোয়ার্টার ফাইনালে ওঠা কার্যত নিশ্চিত করে ফেলেন গত বারের চ্যাম্পিয়ন। মান্নারিনোর তুলনায় দ্বিগুণের বেশি পয়েন্ট জিতেছেন তিনি।

 আরও পড়ুন: দুরন্ত সেঞ্চুরি করলেন অভিষেক পোড়েল, ঋদ্ধিমান সাহার বদলে কি মানানসই হয়ে উঠেছেন তিনি ?

এই জয়ের ফলে প্রতিযোগিতার শেষ আটে পৌঁছে গেলেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই জোকোভিচ। যেখানে তিনি মুখোমুখি হবেন মার্কিন টেনিস তারকা টেলর ফ্রিটজের। রবিবার যিনি হারিয়ে দিয়েছেন গ্রিসের টেনিস তারকা স্টেফানোস চিচিপাসকে। চার সেটের ম্যাচে ফ্রিটজ জিতেছেন ৭-৬, ৫-৭, ৬-৩, ৬-৩ সেটে।

About Post Author