Home » রাম মন্দির উদ্বোধনের পরই তিনদিনের রাজ্য সফরে আরএসএস প্রধান মোহন ভাগবত

রাম মন্দির উদ্বোধনের পরই তিনদিনের রাজ্য সফরে আরএসএস প্রধান মোহন ভাগবত

সময় কলকাতা ডেস্ক, ২১ জানুয়ারিঃ ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তারপরেই বঙ্গে পা রাখতে চলেছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত। তিনদিনের রাজ্য সফরে আসছেন ভাগবত। রাম মন্দির উদ্বোধনের পরই অর্থাৎ ২২ জানুয়ারি কলকাতায় পা রেখেই কলকাতায় এক বিবাহ অনুষ্ঠানে যোগ দেবেন। ২৩ ও ২৪ জানুয়ারি একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ২৩ জানুয়ারি উত্তর ২৪ পরগনার বারাসাতে সংঘ প্রধান মোহন ভাগবতের কর্মসূচি রয়েছে। বারাসতে ‘একত্রিকরণ কর্মসূচি’-তে অংশ নেবেন সংঘ প্রধান। সেখানে ১ হাজার স্বয়ংসেবক উপস্থিত থাকবেন বলে জানতে পারা গেছে। গত বছরও ২৩ জানুয়ারি কলকাতাতেই ছিলেন মোহন ভাগবত। নেতাজির জন্মদিন উপলক্ষে শহিদ মিনারে সভা করেছিলেন ভাগবত। এবারও তাঁর বিভিন্ন কর্মসূচি আছে বলে সূত্রের খবর। পরদিন অর্থাৎ ২৪ জানুয়ারি ফিরে যাবেন। গোটা সফরে কোনও সাংগঠনিক বৈঠক নেই আরএসএস প্রধানের। চব্বিশের লোকসভা নির্বাচনের আবহে সংঘ প্রধানের বঙ্গসফর নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়েছে। 

আরও পড়ুন   দুরন্ত সেঞ্চুরি করলেন অভিষেক পোড়েল, ঋদ্ধিমান সাহার বদলে কি মানানসই হয়ে উঠেছেন তিনি ?

এর আগে গত বছরের শেষের দিকে দু’দিনের বঙ্গ সফরে এসেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সংঘপ্রধানের পাশাপাশি একইদিনে রাজ্যে পা রেখেছিলেন আরএসএসের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ দত্তাত্রেয় হোসাবলে। ২৯ ডিসেম্বর রাতে অসম থেকে কলকাতায় আসেন সংঘচালক ভাগবত। রাতে রাজ্যের একসময়ের মন্ত্রী, প্রাক্তন সিবিআই অধিকর্তা উপেন বিশ্বাস ও এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের বাড়িও যান তিনি। থাকেন বেশ কিছুক্ষণ। এই সফরে মূলত সাংগঠনিক আলোচনা করেন তিনি।

তবে সেই সঙ্গে রাজ্যের একাধিক বুদ্ধিজীবীর সঙ্গে দেখা করেন। যার মধ্যে নাম ছিল প্রাক্তন সিবিআই কর্তা তথা রাজ্যের নিয়োগ দুর্নীতি আন্দোলনের অন্যতম মুখ উপেন বিশ্বাসের। সূত্রের খবর, লোকসভা ভোটের আগে রামমন্দির নিয়ে রাজ্যজুড়ে হিন্দুত্বের জাগরণ ও গেরুয়া রাজনীতির দিক নির্দেশ করতেই এই সমন্বয় বৈঠক করেন তিনি। বৈঠকের পর অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িও যান ভাগবত। ১৯৯১-এর লোকসভা ভোটে বিজেপির টিকিটে কলকাতা উত্তর-পশ্চিম কেন্দ্রে প্রার্থী‌ ছিলেন ভিক্টর। তিনিই ছিলেন রাজ্যে বিজেপির প্রথম তারকা প্রার্থী। দীর্ঘ সময় সংঘ পরিবারের সংগঠন ‘সংস্কার ভারতী’র রাজ্য সভাপতিও ছিলেন তিনি।

About Post Author