Home » নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৃণমূলের দুই কাউন্সিলরকে তলব সিবিআইয়ের

নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৃণমূলের দুই কাউন্সিলরকে তলব সিবিআইয়ের

সময় কলকাতা ডেস্ক, ২৫ জানুয়ারিঃ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। নতুন বছরের শুরু থেকেই নিয়োগ দুর্নীতির তদন্তে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি-সিবিআই। এবার নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করে সিবিআই। বুধবার রাজ্যের শাসক দলের এই দুই কাউন্সিলরকে ডেকে নিজাম প্যালেসে তলব করা হয়। সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দেন বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। মাত্র ২৪ ঘণ্টার নোটিসে তাঁকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর।

আরও পড়ুন      জামশেদপুরকে হারিয়ে ইস্টবেঙ্গল কলিঙ্গ সুপার কাপের ফাইনালে

এর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাসভবনে তল্লাশি চালিয়েছিল সিবিআই। পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। একই দিনে বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। দেবরাজের রাজারহাট এবং দমদম পার্কের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। এমনকী, তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে চাকরির পরীক্ষার নথি পেয়েছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে একাধিক তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে তাঁদের হতে। কিছু নথি তাঁদের বাড়ি থেকেও পাওয়া গিয়েছিল। সেই সংক্রান্ত বিষয়ে দুই তৃণমূল কাউন্সিলরকে আরও জিজ্ঞাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা।

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছিল ইডি। নিয়োগ দুর্নীতির তদন্তে একইসঙ্গে শহরের মোট ছ’টি জায়গায় হানা দেয় ইডি কর্তারা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্র মারফত জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের ফ্ল্যাট এবং অফিসেও নতুন করে তল্লাশি অভিযানে নেমেছিল ইডি আধিকারিকরা। একইসঙ্গে প্রসন্নর সহকারী প্রদীপ সিংহের বাড়িতেও হানা দিয়েছিল ইডি। এছাড়াও এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলার প্রাথমিক চার্জশিটও আদালতে পেশ করেছে সিবিআই ও ইডি। যেখানে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দফতরের একাধিক প্রাক্তন কর্তার নাম রয়েছে। ইডির দাবি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম ভূমিকা ছিল মিডলম্যানদের।

About Post Author