Home » দুই বিচারপতির নজিরবিহীন সংঘাত প্রসঙ্গে মুখ খুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

দুই বিচারপতির নজিরবিহীন সংঘাত প্রসঙ্গে মুখ খুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

সময় কলকাতা ডেস্ক, ৩০ জানুয়ারিঃ কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির নজিরবিহীন সংঘাত নিয়ে এই প্রথম মুখ খুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মঙ্গলবার মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ‘সংঘাত’ প্রসঙ্গে কার্যত এজলাসে বসে দু:খ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এদিন প্রথম অর্ধের শুনানি শেষে এজলাস ছাড়ার সময় প্রধান বিচারপতি বলেন, ‘দেশের অন্যতম বড় হাইকোর্টে এই ধরনের ঘটনা অনভিপ্রেত।’ দেশের অন্যতম বিচারালয়ে এই ধরনের ঘটনার দীর্ঘ প্রভাব পড়ে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার। আমি ব্যাক্তিগত ভাবে এই ঘটনায় লজ্জিত এবং দুঃখিত।তবে হাইকোর্টের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার মতো কোনও মন্তব্য করব না’। উল্লেখ্য, গত বুধবার কলকাতা হাই কোর্টে মেডিক্যালের ছাত্র ভর্তির এক মামলার রায়কে কেন্দ্র করে সংঘাত তৈরি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে। এই ঘটনায় হস্তক্ষেপ করতে হয় সুপ্রিম কোর্টকে। যা কলকাতা হাই কোর্টের ইতিহাসে নজিরবিহীন বলেই দাবি করা হয়েছে। এই মামলায় আপাতত সব শুনানি হবে সুপ্রিম কোর্টে। সোমবার এই নির্দেশ দিয়েছে ভারতের শীর্ষ আদালত।

আরও পড়ুন   OPTICAL ILLUSION: বিশ্বের মাত্র ১ শতাংশ মানুষ মাত্র ১০ সেকেন্ডে নীচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পেরেছেন

প্রসঙ্গত, গত বুধবার মেডিক্যালে ছাত্র ভর্তিতে দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার কিছুক্ষণের মধ্যেই ডিভিশন বেঞ্চে এই মামলায় স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেন। এমনকী খারিজ করে দেওয়া হয় সিবিআইয়ের এফআইআরের নির্দেশ। এরপরেই ডিভিশন বেঞ্চের এই নির্দেশের কিছু ত্রুটি নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি তাঁর নির্দেশনামায় বিচারপতি সৌমেন সেন সম্পর্কে একাধিক অভিযোগও তোলেন। এমনকি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তা-ও তিনি কার্যকর হবে না বলে জানিয়ে দেন। এরপরই এই মামলার তদন্তভার তুলে দেন সিবিআইকে।

গত বৃহস্পতিবার ফের একবার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। দেখা যায় শিক্ষা সংক্রান্ত মামলা বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই রাতেই নির্দেশিকা জারি করে হাইকোর্ট জানায়, সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি হবে অন্য ডিভিশন বেঞ্চে। প্রসঙ্গত, ডাক্তারি পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একটি ভুয়ো জাতিগত শংসাপত্র মামলা উঠেছিল। সেই মামলায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই মামলায় ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল। এরপর মৌখিকভাবেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।

About Post Author