সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারিঃ জল্পনার অবসান! ঝাড়খণ্ড বিধানসভায় আস্থা ভোটে জয়ী চম্পাই সোরেন। সোমবার ঝাড়খণ্ড বিধানসভায় সকাল থেকেই শুরু হয়েছিল আস্থা ভোটের প্রক্রিয়া। এদিন, বিধানসভার স্পিকার আস্থা ভোট গ্রহণ করেন। নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের সরকার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ হয় এই আস্থা ভোটের মাধ্যমে। এদিন বিধানসভায় উপস্থিত হয়ে আস্থা ভোটে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন সংখ্যা ৮১। সোমবার ঝাড়খণ্ডে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্য জেএমএম-এর প্রয়োজন ছিল ৪১টি ভোটের। এদিন তার থেকে আরও ৬টি ভোট বেশি পেলেন চম্পাই সোরেন। আস্থা ভোটে জেএমএম-এর পক্ষে ভোট পড়েছে ৪৭টি। চম্পাইয়ের সমর্থনে ভোট দেন জেএমএম-এর সব বিধায়কও। তবে, বিপক্ষে উঠে দাঁড়ান ২৯ জন বিধায়ক। তারপরই ফলাফল পরিষ্কার হয়ে যায়।
আরও পড়ুন হেমন্ত সোরেনের গ্রেফতারি ইস্যুতে ইডির কাছে জবাব তলব ঝাড়খণ্ড হাইকোর্টের
এদিন আস্থা ভোটের আগে বিধানসভায় প্রথমে ভাষণ দেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণাণ। তারপর চম্পাই সোরেন নিজের বক্তব্য জানান। এদিন বিধানসভায় জোর গলায় প্রাক্তনের পক্ষ নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী বললেন, ‘গোটা দেশ সাক্ষী কীভাবে অন্যায় করা হয়েছে হেমন্তের সঙ্গে। রাজ্যের যে কোনো গ্রামে আমরা গেলে দেখতে পাবো প্রতিটি বাড়িতে হেমন্তের গঠন করা কোন না কোন প্রকল্প রয়েছে’। জমি কেলেঙ্কারি মামলায় গত বুধবার প্রায় সাত ঘণ্টা ইডির ম্যারাথন জেরার পরে অবশেষে গ্রেফতার হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। গ্রেফতারির আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফাও দেন তিনি। তাঁর অবর্তমানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক দলের নেতা চম্পাই সোরেন।
গত শুক্রবারই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন চম্পাই সোরেন। রাঁচির রাজভবনের দরবার ভবনে শুক্রবার ১২.১৫ মিনিট নাগাদ এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়। বিহারের পর এই রাজ্যেও এনডিএ ক্ষমতা দখল করবে কিনা, এই নিয়ে বুধবার রাত থেকেই জল্পনা চলছিল। তবে, সরকার গঠনের দাবি জানানোর পরও মুখ্যমন্ত্রী হিসাবে চম্পাই সোরেনকে নিয়োগে বেশ কিছুটা দেরি করেন রাজ্যপাল। রাজ্যপাল চম্পাইকে শপথ গ্রহণের দিনক্ষণ না জানানোয় তড়িঘড়ি জোটের চার বিধায়কের হায়দ্রাবাদে যাওয়ার পরিকল্পনা হয়। কিন্তু প্রবল কুয়াশার জেরে উড়ান বাতিল করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে চম্পাই সোরেনকে সরকার গঠনের আহ্বান জানান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণাণ। শুক্রবার চম্পাই ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। যদিও রাজনৈতিক মহলের আশঙ্কা, চম্পাই মুখ্যমন্ত্রী হওয়ার পরেও গেরুয়া শিবির ঘোড়া কেনাবেচার চেষ্টা চালিয়ে যাবে। সেক্ষেত্রে বিধানসভায় আস্থাভোটে চম্পাইকে পরাস্ত করে বিজেপি সরকার গঠনের দিকে যেতে পারে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি