Home » MANCHESTER UNITED: মরশুমের মাঝপথে বড় ধাক্কা ইউনাইটেড শিবিরে, চোট পেয়ে ছিটকে গেলেন দলের তারকা ডিফেন্ডার

MANCHESTER UNITED: মরশুমের মাঝপথে বড় ধাক্কা ইউনাইটেড শিবিরে, চোট পেয়ে ছিটকে গেলেন দলের তারকা ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ ফেব্রুয়ারি:  বড় ধাক্কা ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে (MANCHESTER UNITED)। হাঁটুতে গুরুতর চোট পেয়ে ছিটকে গেলেন দলের তারকা ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ (LISANDRO MARTINEZ)। রবিবার ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে জয় পেলেও, দলের চিন্তা বাড়িয়েছিল আর্জেন্টিনার ফুটবলারটির চোট। খেলার মাঝপথেই তাকে মাঠ ছাড়তে হয়। তখনই আশঙ্কা করা হয়েছিল দীর্ঘ সময়ের জন্য ফের তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে। সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল।

২০২২-২৩ মরশুমে আয়াখস থেকে ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে যোগ দেন মার্টিনেজ। নতুন ক্লাবে শুরুটাও করেছিলেন সাড়া জাগিয়ে। ভ্যারানের সঙ্গে জুটিতে ইউনাইটেড রক্ষণে নির্ভরতা দিচ্ছিলেন তিনি। ইতিমধ্যে সমর্থকদের পছন্দের ফুটবলারদের মধ্যে তিনি হয়ে উঠেছেন অন্যতম। ছোট চেহারা নিয়েও যে প্রিমিয়ার লিগে সফল ডিফেন্ডার হওয়া যায় সেই নজির স্থাপন করছিলেন মার্টিনেজ। কিন্তু বিধি বাম। চোটের সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না আর্জেন্টাইন ডিফেন্ডারের। গত মরশুমেও শেষের দিকে গুরুতর চোট পেয়েছি‌লে‌ন। ফলে অনেকটা সময় থাকতে হয়েছিল মাঠের বাইরে। এই মরশুমের শুরুর দিকে তার পরিষেবা পায়নি দল। নতুন বছরেই সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু দুটি ম্যাচ খেলার পর ফের চোটের কবলে পড়লেন।

আরও পড়ুন: PREMIER LEAGUE: ফিল ফোডেনের হ্যাটট্রিক, পিছিয়ে পড়েও দুরন্ত জয় ম্যানচেস্টার সিটি

দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ওয়েস্ট হ্যামের ভ্লাদিমির কাফলের সঙ্গে সংঘর্ষ হয় মার্টিনেজের। তার পর আর খেলা চালিয়ে যেতে পারেননি মেসির এই সতীর্থ। তাঁর চোটের জায়গা পরীক্ষা করা হয়। তারপরই তাঁকে ২ মাসের বিশ্রামের পরামর্শ দিয়েছেন দলের মেডিকেল টিম। মার্টিনেজের চোট নিয়ে ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের দলের ডিফেন্ডার মার্টিনেজকে মাঠের বাইরে থাকতে হবে দুই মাসের জন্য। যদিও কোনও অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎকেরা।” ক্লাবের বিবৃতির পর নিজের সামাজিক মাধ্যমে মার্টিনেজ “যে সমর্থন আমি পেয়েছি, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। সমর্থকদের জানাতে চাই,  আপনাদের মধ্যে খুব শীঘ্রই ফিরে আসবো। একসঙ্গে আমাদের লক্ষ্যটাকে এগিয়ে নেবো। সবসময় একতাবদ্ধ থাকব।

দলের নির্ভরযোগ্য ডিফেন্ডারের চোট খুশি করতে পারেনি ইউনাইটেড কোচ এরিক টেন হাগকেও। তিনি বলেছেন, “আমরা সবাই মার্টিনেজের অনুপস্থিতি অনুভব করব। এটি তার ব্যক্তিগত বিপর্যয়ের পাশাপাশই দলের কাছেও বড় ধাক্কা। কিন্তু আগামী দিন গুলিতে ওর অভাব বাকিদের পূরণ করতে হবে। আমি আশা করছি ও দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরবে।” মার্টিনেজ চোট পেলেও সুস্থ রয়েছেন দলের বাকি চার ডিফেন্ডার রাফায়েল ভ্যারান, জনি ইভানস, হ্যারি ম্যাগুয়ের ও ভিক্টর লিন্ডেলফ। তাদের সঙ্গে প্রথম দলের সঙ্গে অনুশীলন করছেন যুব দলের ডিফেন্ডার উইলি কাম্বওয়ালা। যা পরিস্থিতি এই পাঁচজনের মধ্যে দুজনকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাবেন বলেই জানা গিয়েছে।

About Post Author