সময় কলকাতা ডেস্ক, ১০ ফেব্রুয়ারিঃ শ্যুটিং চলাকালীন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার সকাল থেকেই বুকে ব্যথা হওয়ায় তাঁকে তড়িঘড়ি কলকাতার বাইপাশের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ইতিমধ্যেই তাঁর শরীরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাঁর এমআরআই করাও হয়েছে। নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের অধীনে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি রয়েছেন মিঠুন।
সূত্রের খবর এদিন সকালে শাস্ত্রী ছবির শুটিং-এ ব্যস্ত ছিলেন তিনি। শুটিং চলাকালীনই ফ্লোরের মধ্যে অসুস্থ বোধ করেন। সেখানেই বসে পড়েন তিনি। তড়িঘড়ি অভিনেতা সোহম চক্রবর্তী তাঁকে হাসপাতালে নিয়ে যান। এরপর অভিনেতার সবরকম শারীরিক পরীক্ষাও করা হয়। হাসপাতাল সূত্রে খবর, অভিনেতার এমআর আই রিপোর্টে স্ট্রোক ধরা পড়েছে। আরও বেশ কিছু পরীক্ষা করা হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। সেই টিমে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
সব পরীক্ষার রিপোর্ট দেখে তবেই পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি সোহমের প্রয়োজনায় শাস্ত্রী ছবির শুটিং শুরু হয়েছে কলকাতায়। ওই ছবিতেই অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী। এই ছবিতে দেবশ্রী রায় ও সোহম চক্রবর্তীও অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি গত কয়েক বছর ধরে রাজনীতিতেও তাঁকে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?