Home » Glenn Maxwell: ম্যাক্সওয়েলের ধ্বংসলীলায় বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, ছুঁলেন রোহিত শর্মার রেকর্ডও

Glenn Maxwell: ম্যাক্সওয়েলের ধ্বংসলীলায় বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, ছুঁলেন রোহিত শর্মার রেকর্ডও

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ ফেব্রুয়ারি: মেজাজটাই তো আসল রাজা আমি রাজা নয়। বাংলার স্বর্ণযুগের এই গানের কলিটিকে ক্রিকেটের বাইশ গজে প্রাসঙ্গিক করে তুললেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। ম্যাক্সওয়েলের ব্যাটিং ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। কুড়ি বিশের ক্রিকেটে আরও একটা শতরান পূর্ণ করলেন ম্যাক্সি। তার শতরানের সৌজন্যে অ্যাডিলেডে ৪ উইকেট হারিয়ে ২৪৪ রান তোলে অস্ট্রেলিয়া (Australia)। জবাবে ২০৭ রানে শেষ হয়ে যায় দ্বীপরাষ্ট্রের ইনিংস। এটা নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাক্সওয়েলের শতরানের সংখ্যা গিয়ে দাঁড়াল পাঁচ। ছুঁলেন ভারত অধিনায়ক রোহিত শর্মার রেকর্ডটিকে।  

অ্যাডিলেডে টসে জিতেও অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাটিতে বেশ আক্রমণাত্মক মেজাজে শুরু করে অজিরা। তবে ৭ ওভারের মধ্যে ৩ টি উইকেট হারাতে হয় বিশ্বচ্যাম্পিয়নদের। সেই পরিস্থিতে দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল। একটার পর একটা বড় শট মেরে বল পাঠালেন বাউন্ডারি সীমার বাইরে। তার ব্যাটিং তাণ্ডব থেকে রেহাই পায়নি জেসন হোল্ডার, আলজেরি জোসেফ, আন্দ্রে রাসেলরা। মাত্র ৫০ বল খেলে তিন অঙ্কের রানে পৌঁছে যান আইপিএলে বিরাট কোহলির এই সতীর্থ।স্ট্রাইক রেট ২০০। শেষ পর্যন্ত ৫৫ বলে ১২০ রানে অপরাজিত থাকেন ম্যাক্সি। তার ব্যাট থেকে আসে ১২টি চার ও ৮টি ছক্কা। ম্যাক্সওয়েলের দাপটে ৪ উইকেটে ২৪১ রান করে অস্ট্রেলিয়া। 

আরও পড়ুন: PREMIER LEAGUE: হাল্যান্ডের জোড়া গোলে জয় ম্যানচেস্টার সিটির, বার্নলিকে হারিয়ে লিগ শীর্ষে লিভারপুল

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৭ ওভারের মধ্যে ৬৩ রানে ৫ উইকেট হারায়  সফরকারী দল। মিডল অর্ডারে লড়াই করে দলকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন অধিনায়ক রোভমান পাওয়েল ও আন্দ্রে রাসেল। ১৬ বলে ৩৭ রান করে রাসেল ফিরতে ফের ম্যাচের রাশ চলে যায় অস্ট্রেলিয়ার দখলে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক রান আসে পাওয়েলের ব্যাট থেকে। ৩৬ বলে ৬৩ রান করেন ইন্ডিজ অধিনায়ক। শেষের দিকে ১৬ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন জেসন হোল্ডার। তবে তা তাদের ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। ২০ ওভারে ৯ উইকেটে ২০৯ রানে থামতে হয় ওয়েস্ট ইন্ডিজকে।  

About Post Author